দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে আজ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বৃষ্টি–বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই ঝড় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
সোমবার (১৫ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সম্ভাব্য এই বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বকোণ/ইবনুর

















