চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১১ জুন, ২০২৬

সর্বশেষ:

আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক

১১ জুন, ২০২৬ | ১:২৮ অপরাহ্ণ

আগামী পাঁচদিন পর সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

 

বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

 

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

এতে আরও বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আগামী ২-৩ দিনের মধ্যে বাংলাদেশের বাকি অংশে বিস্তার লাভ করার জন্য অনুকূল অবস্থায় রয়েছে।

 

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো পটুয়াখালীতে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট