চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

দেশজুড়ে বাড়তে পারে গরম, চট্টগ্রামে ভারী বৃষ্টি’র শঙ্কা

নিজস্ব প্রতিবেদন

৩০ মে, ২০২৬ | ১:২৬ অপরাহ্ণ

আগামী ২৪ ঘণ্টায় দেশজুড়ে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

শনিবার (৩০ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

 

পূর্বাভাস অনুযায়ী,আজ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

রোববার (৩১ মে) থেকে বুধবার (৩ জুন ) পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় একই ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিনও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

 

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর ফলে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

 

 

পূর্বকোণ/ পিবি

শেয়ার করুন