চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

চট্টগ্রামসহ কয়েক জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

অনলাইন ডেস্ক

১৫ মে, ২০২৬ | ১০:২৮ পূর্বাহ্ণ

দুপুরের মধ্যেই দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে অস্থায়ী ঝড়ো আবহাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে।

শুক্রবার (১৫ মে) এ তথ্য জানানো হয় আবহাওয়া অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে।

পূর্বাভাসে বলা হয়, দুপুর ১টার মধ্যে ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দিনের দ্বিতীয় ভাগেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

একই সঙ্গে উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতিভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন