চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

রাতেই ৮ জেলায় ঘণ্টায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা

রাতেই চট্টগ্রাম-কক্সবাজারে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

অনলাইন ডেস্ক

১৪ মে, ২০২৬ | ৬:১০ অপরাহ্ণ

সারাদেশে বৈশাখী আবহাওয়ার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ৮টি জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

 

 

বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।  

 

 

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুনেচ্ছা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১টার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী ও সিলেটের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

 

গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে দেশের সর্বোচ্চ ১৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে নীলফামারীর রাজারহাটে ১১৭, সৈয়দপুরে ৮৬, রংপুরে ৮২, সিরাজগঞ্জের তাড়াশে ৭৪, ফরিদপুরে ৬৯, মাদারীপুরে ৫৭, ঢাকায় ৪৩ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।

 

 

এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগে দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

পূর্বকোণ/কায়ছার

শেয়ার করুন