চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক

৯ মে, ২০২৬ | ১০:৩৫ পূর্বাহ্ণ

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

আজ শনিবার (৯ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসের বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।

 

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, আজ দুপুর ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া ও টাঙ্গাইল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এই চার এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ-সতর্ক সংকেত মেনে চলতে বলা হয়েছে।

 

এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পরবর্তী পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

 

আবহাওয়া অফিস জানায়, বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন