বোয়ালখালীতে অশোক শীল (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার তার স্বাভাবিক মৃত্যু হয়েছে দাবি করলেও কারণ জানতে চায় পুলিশ।
রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে অশোকের মরদেহ হেফাজতে নেয় থানা পুলিশ।
অশোক শীল উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শীল বাড়ির মৃত মণীন্দ্র লাল শীলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। তার চার মেয়ে রয়েছে।
অশোক শীলের পরিবার জানান, দুপুর ১২টার দিকে তিনি ছাগলের জন্য বাড়ির পাশের জমিতে গিয়েছিলেন। বিকেল গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফিরায় খুঁজতে গিয়ে জমিতে তাকে পড়ে থাকতে দেখা যায়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কৌশিক জানান, বিকেলে অশোক শীল নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘মৃত্যুর বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে। চিকিৎসকের ধারণা, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তবে পরিবারের দাবি, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
পূর্বকোণ/পারভেজ

















