চট্টগ্রাম রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ভূমি অধিগ্রহণে দুর্নীতি রুখতে চালু হলো ‘লার্মস’, ঘরে বসেই মিলবে ক্ষতিপূরণ

ভূমি অধিগ্রহণে দুর্নীতি রুখতে চালু হলো ‘লার্মস’, ঘরে বসেই মিলবে ক্ষতিপূরণ

কক্সবাজার সংবাদদাতা

১৫ নভেম্বর, ২০২৬ | ৯:২৩ অপরাহ্ণ

ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল প্রক্রিয়ায় বহু বছরের দুর্নীতি, দালালচক্রের উৎপাত ও অর্থ ছাড়ের দীর্ঘসূত্রিতা নিরসনে ‘লার্মস’ (LARMS) নামক একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।

ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’ বা ‘LARMS’-এর এই পাইলটিং কার্যক্রম শুরু হলো পর্যটন নগরী কক্সবাজার ও সিলেট থেকে।

রবিবার (১৫ নভেম্বর) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কক্সবাজার ও সিলেট জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই সফটওয়্যারের পাইলটিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল প্রক্রিয়ায় বছরের পর বছর ধরে চলে আসা অনিয়ম, প্রশাসনিক জটিলতা এবং সাধারণ মানুষের চরম ভোগান্তি দূর করতে বর্তমান সরকার সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে। ‘LARMS’ চালুর মাধ্যমে আবেদন গ্রহণ, রেকর্ড যাচাই-বাছাই, ক্ষতিপূরণ নির্ধারণ এবং অর্থ পরিশোধের মতো স্পর্শকাতর প্রতিটি ধাপ শতভাগ স্বচ্ছ, দ্রুত ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় সম্পন্ন হবে।”

মীর হেলাল আরও বলেন, “প্রাথমিকভাবে কক্সবাজার ও সিলেট জেলায় এই সিস্টেমের পাইলটিং শুরু হলো। এখানকার কারিগরি অভিজ্ঞতা বিশ্লেষণ করে দ্রুতই এটি দেশজুড়ে সম্প্রসারণ করা হবে। এর ফলে প্রকৃত ভূমির মালিকরা কোনো দালাল ছাড়া সম্পূর্ণ হয়রানিমুক্তভাবে ঘরে বসেই অনলাইনে নিজেদের ক্ষতিপূরণের অর্থ ও আবেদনের হালনাগাদ তথ্য দেখতে পাবেন।”

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, সনাতন ধারার অধিগ্রহণ ব্যবস্থায় ডিজিটাল তদারকি না থাকায় সাধারণ ভূমি মালিকদের পাশাপাশি দাপ্তরিক কাজেও নানামুখী সমস্যা দেখা দিত। লার্মসের অটোমেশন পদ্ধতির মাধ্যমে এখন থেকে মাত্র কয়েক দিনের মধ্যে নিখুঁতভাবে অধিগ্রহণ ও হুকুম দখলের সার্বিক প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. পারভেজ হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার ও সিলেট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা দুটির ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার কর্মকর্তা, প্রকল্পটির কারিগরি বিশেষজ্ঞ দল এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট