গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সরকারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) মোসলেম আলীকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যায় উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একটি মিছিল থেকে তার ওপর হামলা চালানো হয়।
গুরুতর আহত অবস্থায় এসআই মোসলেম আলীকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকায় বিক্ষোভ মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলের একপর্যায়ে তারা পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মামলার বাদী এসআই মোসলেম আলীর ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
মামলার নথির বরাতে পুলিশ জানান, এর আগে গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী চৌরাস্তায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। সে সময় তারা পুলিশের একটি সরকারি গাড়ি ঘিরে ফেলে ব্যাপক ভাঙচুর চালায় এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেদিন ১০টি রাবার বুলেট, পাঁচটি কাঁদুনে গ্যাসের শেল ও তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির আগুন নেভান। ওই ঘটনায় গত শুক্রবার এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ২ হাজার ২২৪ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করেছিলেন।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

















