এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে জেনসেন হুয়াংকে পুনর্বহালের দাবিতে চালু করা একটি পিটিশনে শনিবার বিকেল পর্যন্ত ১ লাখ ৮ হাজারের বেশি স্বাক্ষর জমা পড়েছে। এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেছেন, ‘জেনসেনকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার জন্য একটি পিটিশন চলছে এবং আমিও এতে স্বাক্ষর করছি।’
‘স্ট্যান্ড উইথ জেনসেন’ নামের এই প্রচারণা ওয়েবসাইটে জানানো হয়েছে, স্বাক্ষরকারীদের মধ্যে ৫৮ হাজারের বেশি শেয়ারহোল্ডার, এনভিডিয়ার ৫ হাজার ৬০০-র বেশি বর্তমান কর্মী এবং ১ হাজারের বেশি সাবেক কর্মী রয়েছেন।
তবে তালিকায় ‘হলিউড অভিনেতা টিম ক্রুজ’ এবং চীনা প্রেসিডেন্টের নামের সম্ভাব্য ভুল বানানে ‘শি জিংপিং’-এর মতো ভুয়া নামও আছে। শনিবার এক্সে দেওয়া এক পোস্টে আয়োজকেরা জানিয়েছেন, তালিকা থেকে ভুয়া স্বাক্ষরগুলো সরিয়ে ফেলতে তারা কাজ করছেন।
পিটিশনে স্বাক্ষরকারী এনভিডিয়ার এক কর্মী জানান, প্রতিষ্ঠানের ভেতরেও একই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এনভিডিয়ার একটি অভ্যন্তরীণ পোর্টালে (যেখানে কর্মীরা প্রশ্ন করেন ও পরামর্শ জমা দেন), হুয়াংয়ের পক্ষে একই মনোভাব প্রকাশ করে একটি পোস্ট দেওয়া হয়েছে।
প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যার্ডের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পর্যন্ত ওই পোস্টে ১ হাজার ৬০০টি মন্তব্য জমা পড়েছে। তবে ওই কর্মীর দাবি, বর্তমানে মন্তব্যের সংখ্যা দ্বিগুণেরও বেশি।
চলতি সপ্তাহের শুরুতে কর্মীদের উদ্দেশে লেখা এক চিঠিতে জেনসেন হুয়াং এক বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন। এরপরই এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানায়, হুয়াং কোনো ‘বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু’ হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এর কয়েকদিন পর এনভিডিয়ার আরেক নির্বাহীর সঙ্গে তার আরও একটি সম্পর্কের খবর প্রকাশ্যে এলে হুয়াং পদত্যাগ করেন।
স্থায়ী উত্তরসূরি খুঁজে না পাওয়া পর্যন্ত পর্ষদ প্রতিষ্ঠানটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে নিয়োগ দেয়।
এদিকে বৃহস্পতিবার মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানিয়েছেন, অ্যালিস হুয়াং গুপ্তচর ছিলেন কি না, সে বিষয়ে বিচার বিভাগ এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।
‘স্ট্যান্ড উইথ জেনসেন’-এর আয়োজকেরা ওয়েবসাইটে এনভিডিয়ার পর্ষদের উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। সেখানে তারা বলেছেন, কোনো তদন্ত ও যথাযথ আইনি বা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ না করেই পর্ষদ হুয়াংকে সরিয়ে দিয়েছে বলে তারা মনে করেন।
পূর্বকোণ/মিফতা

















