চট্টগ্রাম রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

দেশীয় অস্ত্রের মহড়া গোপালগঞ্জে, ভাঙচুর-অগ্নিসংযোগ নিষিদ্ধ আ.লীগের

দেশীয় অস্ত্রের মহড়া গোপালগঞ্জে, ভাঙচুর-অগ্নিসংযোগ নিষিদ্ধ আ.লীগের

অনলাইন ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৬ | ৬:১৫ অপরাহ্ণ

গোপালগঞ্জে লগি-বইঠা, রামদা ও চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রবিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কের মহড়া থেকে পুলিশের সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স ও জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা হয়। একইসঙ্গে সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নামফলক ভেঙে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে তারা।
 
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল আটটা থেকে সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে নেতা-কর্মীরা জড়ো হন। সেখানে খাবারের আয়োজন শেষে গাবতলা মোড় থেকে সালাউদ্দিনের নেতৃত্বে মিছিল বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করে। পাশাপাশি ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হক এবং শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে আরও দুটি মিছিল বের হয়।
 
মিছিলগুলো পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে একত্রিত হয়ে ব্যাংকপাড়ার জেলা কার্যালয়ে যায় এবং দীর্ঘদিন তালাবদ্ধ থাকা কার্যালয়টি খুলে উল্লাস প্রকাশ করে। এ সময় অনেকের হাতেই লাঠিসোঁটা, টুঁটা, বল্লম, রামদা ও চায়নিজ কুড়াল দেখা যায় এবং কারও কারও মাথায় হেলমেট ছিল।
 
মিছিল চলাকালে লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা হয়। এরপর গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেয় তারা। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে ফেলা হয়। পরে পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে গোপালগঞ্জ-পাটগাতী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়।
 
এ সময় নেতা-কর্মীদের পুলিশের সাঁজোয়া যানের ওপর উঠে স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তারা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের কাচ ভাঙচুর করে এবং এপিসির গায়ে লাল রঙে ‘জয় বাংলা’ লিখে দেয়। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ সদস্যদের উপস্থিতি থাকলেও তাদের কোনো তৎপরতা দেখা যায়নি। 
 
এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা সাড়া দেননি।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ
 
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট