চট্টগ্রাম রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

কক্সবাজার সংবাদদাতা

১৫ নভেম্বর, ২০২৬ | ৮:১৯ অপরাহ্ণ

কক্সবাজারের রামুতে শতাধিক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া এলাকায় ঝটিকা মিছিল হয়। মিছিরের পরে অভিযান চালিয়ে মিছিলের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টা থেকেই কচ্ছপিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মী ও সমর্থকেরা তিতারপাড়ার রাস্তার মোড়ে জমায়েত হতে থাকেন। পরে বেলা ২টার দিকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমাদ সিকদারের নেতৃত্বে একটি বড় মিছিল বের করা হয়। মিছিলটি শেখ হাসিনার পক্ষে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দিতে প্রায় দেড় কিলোমিটার পথ অতিক্রম করে বেলা আড়াইটার দিকে কচ্ছপিয়া স্টেশন মুখে গিয়ে শেষ হয়।

বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়াদের একটি বড় অংশই ছিল তরুণ ও কিশোর বয়সের।

মিছিলের বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, “মিছিলটি রামু সদর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে কচ্ছপিয়া ইউনিয়নের দুর্গম একটি গ্রামে সংগঠিত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট