চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় সড়কের পাশে ঘুমিয়ে থাকা এক প্রতিবন্ধী বৃদ্ধকে চাপা দিয়েছে দ্রুতগতির একটি মিনিবাস। এই ঘটনায় মোহাম্মদ আবুল কালাম (৬০) নামের ওই বৃদ্ধ নিহত হয়েছেন।
রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে পটিয়া ভূমি অফিসের পাশে শ্যামলী কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দারখীল এলাকার মৃত আবদুর রশিদের ছেলে। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি দীর্ঘ চার-পাঁচ বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে মহাসড়কের পাশে শ্যামলী কাউন্টারের সামনে ঘুমিয়ে ছিলেন আবুল কালাম। এ সময় একটি মিনিবাস তার শরীরের ওপর দিয়ে চলে গেলে চাকার নিচে পিষ্ট হয়ে শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ ইমরান বলেন, ঘাতক মিনিবাসটি আটক করতে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পূর্বকোণ/রানা/পারভেজ


















