চট্টগ্রাম রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ধারদেনায় টিকে থাকা ভেনম সেন্টারে এবার ৪৪ কোটি টাকার প্রকল্প

ধারদেনায় টিকে থাকা ভেনম সেন্টারে এবার ৪৪ কোটি টাকার প্রকল্প

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৬ | ১০:৪৮ পূর্বাহ্ণ

আড়াই বছর ধরে ব্যক্তিগত অর্থ ও ধারদেনায় চলেছে দেশের একমাত্র সাপের বিষ গবেষণা প্রতিষ্ঠান ‘ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি)’। বেতন, গবেষণাকর্ম ও সাপের খাবার বাবদ প্রতি মাসে সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করে প্রতিষ্ঠানটির কার্যক্রম সচল রেখেছেন দুই গবেষক। অবশেষে দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে প্রতিষ্ঠানটির উন্নয়নে ৪৩ কোটি ৯৯ লাখ ২৭ হাজার টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।

তবে নতুন প্রকল্পে অর্থায়নের ব্যবস্থা হলেও বিগত আড়াই বছরের পরিচালন ব্যয়ের কোনো বরাদ্দ রাখা হয়নি এতে। প্রকল্পের প্রায় অর্ধেক অর্থ ব্যয় হবে নতুন ভবন নির্মাণে। পাশাপাশি গবেষণাগার, সরঞ্জাম, সাপ ও ইঁদুর প্রতিপালন এবং গবেষকদের ঝুঁকি ও ক্ষতিপূরণ ভাতার জন্যও বরাদ্দ রাখা হয়েছে।

‘ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি, বি) শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) গত ২৪ অক্টোবর অনুমোদন দেন পরিকল্পনামন্ত্রী। পরে ২৭ অক্টোবর পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ থেকে অনুমোদন আদেশ এবং ৪ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে প্রশাসনিক অনুমোদন জারি করা হয়। সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হতে যাওয়া প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত।

ভেনম রিসার্চ সেন্টারের সমন্বয়ক সহকারী অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ বলেন, ‘আড়াই বছর নিজেদের পকেটের পয়সা এবং ধারদেনায় আমরা গবেষণা ও সাপগুলো টিকিয়ে রেখেছি। এখন প্রকল্প অনুমোদন হয়েছে, এটি অত্যন্ত আশার কথা।’

পাচ্ছে ২২ কোটি টাকায় নতুন ভবন : প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে মূলধন খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৫ কোটি ৫২ লাখ ৪৯ হাজার টাকা। এর মধ্যে সবচেয়ে বড় ব্যয় ২১ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার টাকা ভবন নির্মাণে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ক্যাম্পাসের মেডিকেল হোস্টেলের পেছনে প্রায় সাত হাজার বর্গফুট জায়গায় পাঁচতলা ভিত্তির ওপর নির্মাণ করা হবে তিনতলা একটি স্থায়ী অনাবাসিক ভবন।

ভবনটিতে থাকবে সাপ সংরক্ষণের বিশেষ ব্যবস্থা, ইঁদুর উৎপাদনের কক্ষ, গবেষণাগার ও অফিস। এ ছাড়া ল্যাবরেটরির সরঞ্জাম কেনায় ২ কোটি ৪০ লাখ টাকা, কম্পিউটার ও আনুষঙ্গিক সরঞ্জামে ৫০ লাখ, সফটওয়্যারে ২০ লাখ, আসবাবপত্রে ১৫ লাখ, অফিস সরঞ্জামে ১২ লাখ এবং ডাটাবেজ ও ওয়েবসাইট উন্নয়নে ১০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

গবেষণা ও সাপ প্রতিপালনে বরাদ্দ : প্রকল্পের রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার টাকা। এর মধ্যে গবেষণার জন্য ২ কোটি ১১ লাখ টাকা এবং জরিপে ১ কোটি ৬০ লাখ টাকা রাখা হয়েছে। সাপ ও ইঁদুর প্রতিপালনে বরাদ্দ ২ কোটি ৭ লাখ ৩০ হাজার টাকা। এ ছাড়া তাদের খাদ্য বাবদ ১ কোটি ৪৪ লাখ টাকা এবং রাসায়নিক ও রি-এজেন্ট কেনায় ১ কোটি ১৯ লাখ টাকা রাখা হয়েছে।

গবেষক ও কর্মীদের নিরাপত্তা এবং দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের জন্যও রয়েছে বিশেষ বরাদ্দ। ঝুঁকি ভাতা ও ক্ষতিপূরণ ভাতা- প্রতিটি খাতে ৬০ লাখ টাকা করে মোট ১ কোটি ২০ লাখ টাকা রাখা হয়েছে। চিকিৎসা ও শল্যচিকিৎসা সরঞ্জাম সরবরাহে ৮১ লাখ ৩০ হাজার টাকা, আউটসোর্সিংয়ে ১ কোটি ৬৩ লাখ ৭৯ হাজার টাকা এবং ল্যাবরেটরি ও অন্যান্য ভবন রক্ষণাবেক্ষণে ৭৩ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া সেমিনার ও সম্মেলনে ৫০ লাখ ২০ হাজার টাকা, পরীক্ষার ফিতে ৫০ লাখ, প্রশিক্ষণে ৪২ লাখ এবং বিমা খাতে ৩০ লাখ টাকা রাখা হয়েছে। প্রকল্পের সার্বিক ব্যয় সমন্বয়ে মূল্য ও ভৌত আপৎকালীন ব্যয় বাবদ আরও ১ কোটি ৬৯ লাখ ২০ হাজার টাকা সংস্থান রয়েছে।

আড়াই বছর ব্যক্তিগত অর্থে চলেছে গবেষণা : চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসের একটি পুরোনো ভবনে ২০১৮ সালে ভিআরসির কার্যক্রম শুরু হয়। সাপে কাটা রোগীদের জন্য দেশীয় অ্যান্টিভেনম তৈরির লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি সরকারের পরিচালন পরিকল্পনার আওতায় নিয়মিত বরাদ্দ পেত। তবে ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর থেকে গবেষণার জন্য বরাদ্দ বন্ধ হয়ে যায়। এতে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও সাপগুলোর রক্ষণাবেক্ষণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

বেতন, গবেষণাকর্ম ও সাপের খাবার বাবদ প্রতি মাসে প্রয়োজন হতো সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা। সরকারি অর্থায়ন বন্ধ থাকায় ভিআরসির মুখ্য গবেষক ও চমেকের মেডিসিন বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ জয় এবং সমন্বয়ক সহকারী অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ নিজেদের অর্থ ও ধারদেনায় প্রতিষ্ঠানটির কার্যক্রম চালিয়ে রাখেন। তাঁরা এ সময় কোনো পারিশ্রমিকও নেননি। তবে নতুন প্রকল্পে বিগত সময়ের পরিচালন ব্যয় সমন্বয়ের কোনো বরাদ্দ রাখা হয়নি।

বর্তমানে সেন্টারটিতে রয়েছে ১১ প্রজাতির প্রায় ৩৭০টি সাপ। এসব সাপ থেকে ইতিমধ্যে প্রায় ১ কেজি ৭০০ গ্রাম বিষ সংগ্রহ করে সংরক্ষণ করা হয়েছে। বিশেষ করে রাসেলস ভাইপারের বিষ সংগ্রহ করে মুরগির শরীরে পরীক্ষামূলক প্রয়োগের মাধ্যমে অ্যান্টিবডি তৈরিতে প্রাথমিক সাফল্য পেয়েছেন গবেষকরা।

কেন্দ্রটির মুখ্য গবেষক অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ জয় বলেন, ‘মুরগির শরীরে রাসেলস ভাইপারের অ্যান্টিবডি তৈরি করা সম্ভব হয়েছে। ডিপিপি যেহেতু অনুমোদন হয়েছে, প্রয়োজনীয় অবকাঠামো ও আধুনিক সরঞ্জাম পেলে ট্রায়ালের মূল্যায়ন শেষ করে পরবর্তী ধাপগুলো আরও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়া হবে।’ তিনি বলেন, ‘গবেষণাটি আমরা করছি নিজেদের এবং দেশের প্রয়োজনের তাগিদ থেকে। দীর্ঘদিন অর্থসংকটের মধ্যেও কাজ চালিয়ে নিতে হয়েছে। এবার প্রকল্প অনুমোদন হওয়ায় গবেষণার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরি হবে বলে আশা করছি।’

 

পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট