চট্টগ্রাম রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে সমন্বয়হীনতা রয়েছে: রুমিন ফারহানা

হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে সমন্বয়হীনতা রয়েছে: রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৬ | ৯:৫৮ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া নিয়ে সরকারের মন্ত্রী ও দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের বক্তব্যে ব্যাপক পরস্পরবিরোধিতা ও সমন্বয়হীনতা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এই অভিযোগ করেছেন।

রবিবার ১৫ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে দেওয়া নেটিশে ওপর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে তিনি এই অভিযোগ তোলেন।

সংসদে দেওয়া বক্তব্যে রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনার দেশে ফেরা এবং তার আইনি প্রক্রিয়া নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা একেক সময় একেক রকম বক্তব্য দিচ্ছেন, যা জনমনে বিভ্রান্তি তৈরি করছে। তিনি উল্লেখ করেন, সরকারের একজন উপদেষ্টা শেখ হাসিনার দেশে ফেরার পথে বাধা না দেওয়ার কথা বললেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে তাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পাসপোর্ট ও এনআইডির আবেদনের সত্যতা এখনো যাচাই করা হয়নি। সরকারের ভেতরে এমন অসংগতিপূর্ণ ও পরস্পরবিরোধী বক্তব্যের কোনো যৌক্তিকতা থাকতে পারে না।

বক্তব্যের ধারাবাহিকতায় সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীদের বক্তব্য তুলে ধরে রুমিন ফারহানা বলেন, বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি ‘কাদম্বরী মরিয়া প্রমাণ করিয়াছিলেন যে তিনি মরেন নাই’ ঠিক তেমনিভাবে শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও বিভিন্ন মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। সাম্প্রতিক গোপালগঞ্জের নজিরবিহীন ঘটনাকে এর সর্বশেষ উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

রুমিন ফারহানা জানান, গত ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনা নিজে ফিরুন কিংবা তাকে ফিরিয়ে আনা হোক, সরকার তার দেশে ফেরা ঠেকাতে চায় না এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও তিনি দেশের নাগরিক। এর বিপরীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট বা ট্রাভেল পাস দেবে না এবং নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই। আবার বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার কথাও বলা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একই দিনে জানিয়েছেন যে আবেদনের সত্যতা এখনো যাচাই করা হয়নি এবং আইনগত ভিত্তি দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পক্ষান্তরে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ৮ ও ১৪ নভেম্বর বলেছেন, সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সব কাজ সম্পন্ন করেছে এবং এখন কেবল ভারতের সিদ্ধান্তের ওপর সবকিছু নির্ভর করছে।

সরকারের বিভিন্ন মহলের এসব বক্তব্যের মধ্যে চরম সমন্বয়হীনতা ও অসংগতি রয়েছে বলে মন্তব্য করেন এই সংসদ সদস্য। নির্ধারিত দুই মিনিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার বক্তব্য এ সময় বন্ধ হয়ে যায়।

পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট