চট্টগ্রাম রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

কেমব্রিজে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, রুখে দিলেন এনসিপি কর্মীরা

কেমব্রিজে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, রুখে দিলেন এনসিপি কর্মীরা

অনলাইন ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৬ | ৮:৪০ অপরাহ্ণ

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী-সমর্থক। তবে যুক্তরাজ্য প্রবাসী এনসিপি নেতা-কর্মীদের তৎপরতার মুখে তাদের পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়।
 
সপ্তাহব্যাপী যুক্তরাজ্য সফরে থাকা জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটি আয়োজিত একটি মতবিনিময় সভায় যোগ দিতে স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় কেমব্রিজের সেন্ট জন’স কলেজের ওল্ড ডিভাইনটি স্কুলের প্রধান লেকচার থিয়েটারে যান। অনুষ্ঠান সম্পন্ন করে বের হওয়ার সময়ই এ অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন তিনি।
 
অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার আগ মুহূর্তে আওয়ামী লীগের কয়েকজন সমর্থক নাহিদ ইসলামকে ঘিরে ধরে হেনস্তার চেষ্টা চালান। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এনসিপি ইউকে অ্যালায়েন্সের সাবেক সদস্যসচিব মো. এম এ হিমেলসহ প্রবাসী সমর্থকেরা প্রতিরোধ গড়ে তোলেন।
 
মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এনসিপির কর্মীরা নাহিদ ইসলামকে নিরাপদে গাড়িতে তুলে দিচ্ছেন এবং অপর একটি পক্ষ আওয়ামী লীগ সমর্থকদের জবাব দিচ্ছে। পরে স্লোগান দিতে দিতে নিরাপদে স্থান ত্যাগ করে নাহিদ ইসলামকে বহনকারী গাড়িটি।
 
নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক এহতেশামুল হক জানান, যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের লোকজন এর আগেও জুলাই অভ্যুত্থানের অন্য নেতাদের হেনস্তার অপচেষ্টা চালিয়েছে। গতকালও তারা একইভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল, কিন্তু প্রবাসী এনসিপি নেতা-কর্মীদের দৃঢ় অবস্থানের কারণে তারা টিকতে পারেনি।
 
এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, জুলাই অভ্যুত্থানের প্রধান মুখ হওয়ায় নাহিদের প্রতি তাদের ক্ষোভ থাকা স্বাভাবিক। কিন্তু ১০-১৫ জন উগ্র ব্যক্তির বাইরে তাদের পেছনে কেউ নেই, যা তাদের চরম মনোবল ভেঙে পড়ারই লক্ষণ। 
 
তিনি আরও জানান, এসব অপকর্মের মূল সংগঠক যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তি চিহ্নিত হয়েছেন এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ বা দেশে ফেরানোর প্রক্রিয়া নিয়ে সরকারের ভাবতে হবে।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট