চট্টগ্রাম রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

শাহজালালে ৬ লাখ টাকার ওষুধ জব্দ, চীনগামী যাত্রী আটক

শাহজালালে ৬ লাখ টাকার ওষুধ জব্দ, চীনগামী যাত্রী আটক

অনলাইন ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৬ | ৮:১১ অপরাহ্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনগামী এক যাত্রীর হ্যান্ডব্যাগ তল্লাশি করে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ওষুধ জব্দ করেছে আনসার সদস্যরা। কাস্টমসের কোনো ধরনের ছাড়পত্র ছাড়াই অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ লাগেজে বহন করে চীনে পাচার করার চেষ্টা করছিলেন ওই যাত্রী।
 
রবিবার দুপুরে বিমানবন্দরের রো-সি এলাকায় এ ঘটনা ঘটে। আনসারের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিমানবন্দরের আনসাররা জানান, দুপুরের দিকে বিমানবন্দরের রো-সি এলাকায় চীনগামী এক যাত্রীর হ্যান্ডব্যাগ স্ক্যানিং করার সময় দায়িত্বরত আনসার ব্যাটালিয়নের সদস্য সিপাহি মো. রাজেকুল ইসলামের সন্দেহ হয়। পরবর্তীতে এভসেক (এভিয়েশন সিকিউরিটি) সদস্যদের সঙ্গে নিয়ে ওই যাত্রীর ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় কাস্টমস ছাড়পত্রবিহীন ব্যাগের ভেতর থেকে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ক্যাটাগরির প্রায় ৬ লাখ টাকা মূল্যের উচ্চমূল্যের ওষুধ উদ্ধার করা হয়।
 
ঘটনার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে ‘এভসেক-২০’ কর্তৃপক্ষকে জানানো হলে তারা ওষুধগুলো জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেন। পরবর্তীতে ওয়াকিটকির মাধ্যমে এভসেকের নির্দেশনা পেয়ে এপিসি মো. সাইফুল ইসলাম ও আনসার সদস্য মো. শিলন ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।
 
এরপর শিফট টিআই মো. ওমর ফারুককে বিষয়টি অবহিত করা হয় এবং তাঁর উপস্থিতিতে জব্দকৃত সব ওষুধ নিয়ম অনুযায়ী এভসেক কন্ট্রোল রুমে হস্তান্তর করা হয়েছে।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট