বান্দরবানের জমি চাষের সময় পাওয়ার টিলার উল্টে মো. মানিক মিয়া (৪৪) নামে এক চালক নিহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে থানচি ও রুমা উপজেলার সীমান্তবর্তী গ্যালেঙ্গ্যা ইউনিয়নের পাগলঝিরি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চীনা বাদাম চাষের উপযোগী করতে জমিতে হালচাষ করার সময় উঁচু-নিচু জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার টিলারটি উল্টে যায়। এতে চালক মানিক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মানিক লক্ষ্মীপুর সদর উপজেলার হেতিমপুর, খিলবাইছা এলাকার বাসিন্দা। তবে তিনি অস্থায়ীভাবে বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজার এলাকায় বাস করতেন।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/রানা/পারভেজ

















