পৃথিবী থেকে কেউ কেউ বিদায় নেন, কিন্তু রেখে যান এমন কিছু কর্মচিহ্ন, যা সময়ের প্রবাহেও মুছে যায় না। মানুষের স্মৃতিতে, প্রতিষ্ঠানের বিকাশে, সমাজের অগ্রযাত্রায় এবং পরবর্তী প্রজন্মের চিন্তায় তারা বেঁচে থাকেন। দৈনিক পূর্বকোণের প্রাক্তন সম্পাদক স্থপতি তসলিমউদ্দীন চৌধুরী ছিলেন তেমনই একজন মানুষ। মাত্র ৬৪ বছরের জীবনে তিনি যে কর্মময় অধ্যায় রচনা করে গেছেন, তা চট্টগ্রামের সাংবাদিকতা, স্থাপত্য, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং সামাজিক অঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
তসলিমউদ্দীন চৌধুরী মানুষের জন্য কিছু করা, সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা এবং নিজের দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে পালন করার মধ্যেই জীবনের আনন্দ খুঁজে পেয়েছিলেন। স্থপতি হিসেবে তার পেশাগত পরিচয় থাকলেও কর্মপরিধি কখনো একটি নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না। চিটাগাং স্টক এক্সচেঞ্জ লিমিটেডের পরিচালক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নগর উন্নয়ন কমিটির সদস্য, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, চিটাগাং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। শিক্ষা, নগর উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, স্থাপত্য ও সামাজিক সংগঠনের বিভিন্ন ক্ষেত্রে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। এসব দায়িত্বের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, একজন পেশাজীবীর দায়িত্ব কেবল নিজের পেশাগত সাফল্য অর্জন নয়; বৃহত্তর সমাজের উন্নয়নেও তার মেধা ও অভিজ্ঞতার প্রয়োগ প্রয়োজন।
চট্টগ্রামের উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে তার চিন্তাভাবনা ছিল সুদূরপ্রসারী। নগরজীবনের সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সংস্কৃতি, নাগরিক অধিকার এবং মানুষের জীবনমানের গভীর সম্পর্ক রয়েছে-এ উপলব্ধি তার চিন্তায় প্রতিফলিত হতো। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি নিজের অভিজ্ঞতা বিনিময় করেছেন, পরামর্শ দিয়েছেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে উৎসাহ জুগিয়েছেন। অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান তার কাছ থেকে দিকনির্দেশনা পেয়েছে। এই অবদানগুলো হয়তো সব সময় সংবাদপত্রের শিরোনাম হয়নি, কিন্তু সংশ্লিষ্ট মানুষ ও প্রতিষ্ঠানের কাছে সেগুলোর মূল্য ছিল অপরিসীম। তবে তার জীবনের সবচেয়ে নিবিড় সম্পর্কের জায়গাটি ছিল দৈনিক পূর্বকোণ। পিতা আলহাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরীর হাতে প্রতিষ্ঠিত এই সংবাদপত্র ছিল তার ধ্যান-জ্ঞান। দেশের প্রথম রঙিন ও ফোটোকম্পোজে প্রকাশিত দৈনিক পূর্বকোণকে একটি মর্যাদাপূর্ণ, গ্রহণযোগ্য ও প্রভাবশালী সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার কাজে তিনি অসাধারণ নিষ্ঠা দেখিয়েছেন। পিতার হাতে গড়ে ওঠা প্রতিষ্ঠানকে উত্তরাধিকার হিসেবে পাওয়া এক বিষয়, আর সেই প্রতিষ্ঠানকে সময়ের চাহিদা অনুযায়ী বিকশিত করে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। তসলিমউদ্দীন চৌধুরী দ্বিতীয় কাজটিই করেছেন যোগ্যতা, মেধা ও দায়িত্বশীলতার সঙ্গে।
তিনি সংবাদপত্রকে বিবেচনা করতেন একটি সামাজিক দায়িত্বশীল, সর্বজনীন প্রতিষ্ঠান হিসেবে। তার বিশ্বাস ছিল, সংবাদপত্রের দায়িত্ব মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার মধ্যেই শেষ হয় না; বরং সমাজের সমস্যা চিহ্নিত করা, জনমত গঠন, নীতিনির্ধারকদের সচেতন করা এবং উন্নয়ন ও পরিবর্তনের পক্ষে কার্যকর ভূমিকা রাখাও সংবাদমাধ্যমের দায়িত্ব। এই বিশ্বাস থেকেই তিনি দৈনিক পূর্বকোণকে চট্টগ্রামের সামাজিক ও নাগরিক জীবনের একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বরে পরিণত করার চেষ্টা করেছেন। তার সম্পাদনকালে পত্রিকাটি সংবাদ পরিবেশনের পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা, বিতর্ক ও মতবিনিময়ের একটি কার্যকর মঞ্চ হয়ে ওঠে। বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে তিনি সংবাদপত্রের সামাজিক ভ‚মিকার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেন। সংবাদপত্র যে সমাজের সঙ্গে সংলাপ তৈরি করতে পারে এবং উন্নয়নচিন্তার অংশীদার হতে পারে, পূর্বকোণের বিভিন্ন উদ্যোগে তার প্রতিফলন ঘটেছে। একজন সম্পাদক হিসেবে তার বিশেষত্ব ছিল, তিনি সংবাদপত্রকে সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো প্রতিষ্ঠান মনে করতেন না। চট্টগ্রামের মানুষের প্রত্যাশা, সংকট, সম্ভাবনা ও স্বপ্নকে তিনি গুরুত্ব দিতেন। নগরীর উন্নয়ন নিয়ে তার আগ্রহ ছিল, কিন্তু সেই উন্নয়ন যেন সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নের সঙ্গে যুক্ত হয়, সেটিও ছিল তার বিবেচনায়। এ কারণে দৈনিক পূর্বকোণ কেবল একটি সংবাদপত্রের পরিচয়ে সীমাবদ্ধ থাকেনি; চট্টগ্রামের নাগরিক সমাজের নানা দাবি, প্রত্যাশা ও চিন্তার প্রকাশমাধ্যম হিসেবেও ভূমিকা রেখেছে।
আমার নিজের সঙ্গে দৈনিক পূর্বকোণের সম্পর্কও দীর্ঘদিনের। প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরীর সময় থেকে প্রায় সাড়ে তিনদশক ধরে পত্রিকাটিতে ‘সমকাল দর্পণ’ নামে প্রতিসপ্তাহে উপসম্পাদকীয় কলাম লিখেছি। এই দীর্ঘ পথচলায় পূর্বকোণের সঙ্গে যে নিবিড় সম্পর্ক তৈরি হয়েছিল, তসলিমউদ্দীন চৌধুরীর সম্পাদনকালে তা আরও গভীর ও দৃঢ় হয়। তিনি একাধিক গোলটেবিল আলোচনায় আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। বিভিন্ন সামাজিক ও নাগরিক বিষয়ে আমার মতামত জানতে চেয়েছেন। আরও কোন কোন বিষয়ে পত্রিকার পক্ষ থেকে ভূমিকা রাখা প্রয়োজন, কীভাবে সমাজের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সামনে আনা যায়-এসব নিয়েও তার সঙ্গে আলোচনা হয়েছে। তার সঙ্গে আলাপচারিতায় একটি বিষয় বিশেষভাবে অনুভব করেছি-তিনি কেবল প্রচলিত অর্থে একজন সম্পাদক ছিলেন না; ছিলেন অনুসন্ধিৎসু ও বিশ্বমনস্ক একজন চিন্তাশীল মানুষ। শিক্ষায়, মননে, নান্দনিকতায় এবং আন্তর্জাতিক বিষয়ে তার আগ্রহ ছিল উল্লেখযোগ্য। চট্টগ্রামে অবস্থান করেও তিনি আন্তর্জাতিক পরিসরে চিন্তা করতে পারতেন। স্থানীয় বাস্তবতার সঙ্গে বৈশ্বিক প্রবণতা ও পরিবর্তনের সম্পর্ক অনুধাবনের চেষ্টা করতেন। তার সঙ্গে কথা বললে নানা বিষয়ে নতুন তথ্য জানা যেত, চিন্তার নতুন দিগন্ত উন্মোচিত হতো। বিশেষ করে আন্তর্জাতিক ম্যাগাজিন ‘রিডার্স ডাইজেস্ট’ তিনি প্রায় নিয়মিত আমাকে উপহার দিতেন। আপাতদৃষ্টিতে এটি একটি ছোট্ট সৌজন্য মনে হতে পারে, কিন্তু এর মধ্যেও তার জ্ঞানচর্চার আগ্রহ, পাঠাভ্যাস এবং অন্যকে জ্ঞান ও তথ্যের সঙ্গে যুক্ত করার মানসিকতার পরিচয় পাওয়া যায়।
তসলিমউদ্দীন চৌধুরী মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন আন্তরিকতা ও সম্মানের ভিত্তিতে। মতবিনিময়ের ক্ষেত্রে তার আগ্রহ ছিল, অন্যের বক্তব্য শোনার মানসিকতা ছিল এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার প্রবণতা ছিল। একজন সম্পাদক হিসেবে তিনি জানতেন, একটি প্রতিষ্ঠানের বিকাশ শুধু অবকাঠামো বা প্রযুক্তির ওপর নির্ভর করে না; এর জন্য প্রয়োজন সৃজনশীল পরিবেশ, যোগ্য মানুষের সমন্বয় এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ। পূর্বকোণের বিকাশে তার এই দৃষ্টিভঙ্গির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরী ও মরহুমা জহুরা বেগম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান। তার দুই ভাইয়ের মধ্যে জসীম উদ্দিন চৌধুরী দৈনিক পূর্বকোণের প্রকাশক ও পরিচালনা সম্পাদক এবং ডা. ম. রমিজউদ্দীন চৌধুরী তৎকালীন নির্বাহী সম্পাদক ও বর্তমান সম্পাদক। পারিবারিক উত্তরাধিকারকে প্রাতিষ্ঠানিক দায়িত্বে রূপান্তর করার ক্ষেত্রে তসলিমউদ্দীন চৌধুরীর ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। পিতার স্বপ্ন ও প্রতিষ্ঠানের ঐতিহ্যকে ধারণ করে তিনি নিজের যোগ্যতা ও কর্মনিষ্ঠার পরিচয় দিয়েছেন। একটি সংবাদপত্রের ইতিহাসে প্রতিষ্ঠাতার অবদান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পরবর্তী প্রজন্মের হাতে সেই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার সক্ষমতাও সমান তাৎপর্য বহন করে। তসলিমউদ্দীন চৌধুরী এই ধারাবাহিকতার একজন সফল প্রতিনিধি।
সহকর্মীদের কাছে তিনি ছিলেন অভিভাবকসুলভ একজন মানুষ। আর চট্টগ্রামের সাংবাদিকতা ও নাগরিক সমাজের কাছে তিনি ছিলেন এমন একজন ব্যক্তিত্ব, যার কর্ম ও চিন্তার সঙ্গে বহু মানুষের স্মৃতি জড়িয়ে আছে। সংবাদপত্রের সামাজিক দায়বদ্ধতা, জনস্বার্থে মতবিনিময়ের সংস্কৃতি, নগর উন্নয়নে নাগরিক অংশগ্রহণ এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের যে চিন্তা তিনি ধারণ করতেন, সেগুলোকে এগিয়ে নেওয়াই হবে তার প্রতি যথার্থ শ্রদ্ধা। তিনি স্মরণীয় হয়ে থাকবেন একজন কর্মনিষ্ঠ সম্পাদক, সমাজমনস্ক সংগঠক এবং প্রগতিশীল চিন্তার মানুষ হিসেবে। মৃত্যুই মানুষের জীবনের শেষ পরিচয় নয়; মানুষের জন্য রেখে যাওয়া কাজই তার স্থায়ী পরিচয়। সেই অর্থে স্থপতি তসলিমউদ্দীন চৌধুরী বিদায় নিয়েও মানুষের মনে স্মরণীয় হয়ে আছেন, থাকবেন।
ড. মাহফুজ পারভেজ রাষ্ট্রবিজ্ঞানী, কবি; প্রফেসর ও চেয়ারম্যান, রাজনীতিবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
পূর্বকোণ/মিফতা


















