চট্টগ্রাম রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

জন্মদিন উপলক্ষ্যে স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা

জন্মদিন উপলক্ষে স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা

অনলাইন ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৬ | ৪:৫২ অপরাহ্ণ

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। আগামী ১৭ নভেম্বর তার জন্মদিন। কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিনকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই।
 
 
‘রুনা মহল’ শিরোনামের বিশেষ অনুষ্ঠানে শিল্পীকে চমকে দিতে জন্মদিনের উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে একটি স্বর্ণের তৈরি গিটার। ব্যতিক্রমী এই উপহার পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন উপমহাদেশের প্রখ্যাত এই সংগীতশিল্পী।
 
 
অনুষ্ঠানে রুনা লায়লার হাতে স্বর্ণের গিটার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। কিংবদন্তি এই শিল্পীর জন্মদিন উপলক্ষে তার সংগীতজীবন ও বর্ণাঢ্য পথচলাকে ঘিরেই সাজানো হয়েছে বিশেষ আয়োজনটি।
 
অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় ‘রুনা মহল’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং আলমগীরকন্যা সংগীতশিল্পী আঁখি আলমগীর।
 
 
বাংলা সংগীতের সমৃদ্ধ ভুবনে রুনা লায়লার অবদান অনস্বীকার্য। বাংলা চলচ্চিত্রের কয়েক হাজার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। চলচ্চিত্রের গান ছাড়াও দেশাত্মবোধক গানসহ বিভিন্ন ধারার সংগীতে নিজের অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই শিল্পী। দীর্ঘ সংগীতজীবনে সুরের মায়াজালে মুগ্ধ করেছেন প্রজন্মের পর প্রজন্মের শ্রোতাকে।
 
 
আগামী ১৭ নভেম্বর রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে ‘রুনা মহল’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আরিফ খান এবং প্রযোজনা করেছেন অনন্যা রুমা।
 
পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন