চট্টগ্রাম শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বাঁশখালীতে একই কক্ষে পিতা ও দুই কন্যার মরদেহ উদ্ধার

বাঁশখালীতে পিতা ও দুই কন্যার মরদেহ উদ্ধার, স্ত্রী, শাশুড়ি ও শালিকা পুলিশ হেফাজতে

বাঁশখালী সংবাদদাতা

১৩ নভেম্বর, ২০২৬ | ৯:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান মৃত বদিউল আলমের পুত্র মো. জাহেদ হোসেনের (৫০) ঝুলন্ত মরদেহ এবং একই কক্ষ থেকে তাঁর ৭ মাস বয়সী যমজ কন্যাশিশু জারিন ও জাসিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী, শাশুড়ি ও শালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর থেকে বিকেল ৩টার মধ্যে পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু দুটিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের।

স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন মানিক জানান, জাহেদের বাড়ি চাম্বল গ্রামে হলেও গত দেড় বছর ধরে তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন।

স্ত্রী আফিয়া বেগম জানান, ঘটনার দিন তিনি ও তাঁর মা ভিলেজার পাড়া মসজিদে মানত দিতে যান। জাহেদ নিজেই শিশুদের দেখাশোনা করবেন বলায় তিনি দুধ তৈরি করে বের হন। বিকেলে ফোন করে সাড়া না পেয়ে বাড়ি ফিরে প্রধান ফটক ও ঘরের দরজা বন্ধ পান এবং ভেতরে গিয়ে মর্মান্তিক দৃশ্য দেখতে পান।

ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ভেতর থেকে হুক লাগানো কক্ষের বেড়া কেটে ফায়ার সার্ভিস কর্মীরা ঝুলন্ত জাহেদ এবং খাটের পাশে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।

সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মামুদুল হাসান জানান, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে শাশুড়ির কাছে দুই লাখ টাকা পাওয়ার কথা লেখা রয়েছে; চিঠিটি তাঁর কি না তা যাচাই করা হচ্ছে। থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্বকোণ/রানা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট