চট্টগ্রাম রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাউজানে ইসলামী ফ্রন্ট নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ

রাউজানে ইসলামী ফ্রন্ট নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ

রাউজান সংবাদদাতা

১৪ নভেম্বর, ২০২৬ | ৮:১৭ অপরাহ্ণ

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহসভাপতি অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নুরীর কাছে মুঠোফোনে চাঁদা দাবি ও তাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগরী শাখা। এ সময় হুমকিদাতাকে গ্রেপ্তার করার জন্য প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইউনুছ তৈয়বী যুক্তিবাদী। সমাবেশ সঞ্চালনা করেন নাসির উদ্দীন মাহমুদ ও আলমগীর বঈদী। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবু নাছের তালুকদার।

সমাবেশে বক্তারা বলেন, একজন আলেম, রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতাকে মুঠোফোনে চাঁদা দাবি করে গুলি করে হত্যার হুমকি দেওয়ার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির বহিঃপ্রকাশ। চাঁদাবাজি, সন্ত্রাস ও প্রাণনাশের হুমকি দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করার অপচেষ্টা কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে চলতে পারে না। ইলিয়াছ নুরী শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন প্রবীণ আলেম ও মাদ্রাসার অধ্যক্ষ। তাঁর কাছে তথাকথিত সন্ত্রাসী বাহিনীর সদস্যদের পরিচালনার খরচের কথা বলে চাঁদা দাবি এবং তা না দিলে হত্যার হুমকি দেওয়া অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক।

নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব উল্লেখ করে বক্তারা বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যে মানুষ নিজ বাড়ি, কর্মস্থল কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানেও নিরাপদ বোধ না করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। রাজনৈতিক পরিচয়, দলীয় প্রভাব কিংবা পেশিশক্তির কাছে রাষ্ট্রের আইন ও বিচারব্যবস্থা কখনোই জিম্মি হতে পারে না।

বক্তারা অবিলম্বে হুমকিদাতার ব্যবহৃত মুঠোফোন নম্বর শনাক্ত করে কল রেকর্ড ও অন্যান্য ডিজিটাল তথ্যের ভিত্তিতে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে জড়িত ব্যক্তি ও তাঁদের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কাছে মাথা নত করে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতা-কর্মীরা ন্যায় ও সত্যের আদর্শ থেকে বিচ্যুত হবেন না। ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড স্তব্ধ করা যাবে না। তাঁরা শান্তি, সম্প্রীতি, গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী; তবে সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে জনমনে স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সচিব ফজলুল করিম তালুকদার, প্রকাশনা সচিব সৈয়দ মুহাম্মদ আবু আজম, সহকারী প্রকাশনা সচিব নুরুল্লাহ রায়হান খান, প্রচার উপকমিটির সদস্য এনাম রেজা কাদেরী, রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাতের নেতা মাওলানা মুখতার আহমদ রেজভী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসাইন, চট্টগ্রাম মহানগর উত্তরের সহসভাপতি অধ্যক্ষ মাওলানা হাসান রেজা রেজভী, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, দক্ষিণের সহসভাপতি হাফেজ নুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ হোসাইন, সহসাধারণ সম্পাদক কে এম নুর উদ্দিন চৌধুরী, ইব্রাহিম এমদাদ, আনছারুল হক ও হাসান সওদাগর তৈয়্যবী।

এর আগে একই দিন সকাল ১১টায় মাওলানা ইলিয়াছ নুরীকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের দাবিতে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি ওসির কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরে হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানায় এবং রাউজানে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে প্রশাসনের কঠোর ও নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করে। এ সময় ওসি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে হুমকিদাতাকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাউজান দক্ষিণের সভাপতি অধ্যক্ষ সৈয়দ আবু মোস্তাক আলকাদেরী, উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাস্টার মুহাম্মদ ইসমাঈল, রাউজান উপজেলা (দক্ষিণ) ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা আবু কাশেম, আহলে সুন্নাত ওয়াল জামা’আত উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা জিল্লুর রহমান হাবিবী, ইসলামী ফ্রন্ট উপজেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন, ফ্রন্ট নেতা মাওলানা মনছুর নেজামী, রাউজান উপজেলা দক্ষিণ শাখার সভাপতি আমান উল্লাহ আমান, যুবসেনা রাউজান উপজেলা উত্তরের সভাপতি এম এ রায়হান, সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম নেজামী, কাজী মুহাম্মদ শওকত উদ্দিন, মুহাম্মদ আব্দুস সত্তার, কাজী মুহাম্মদ জিল্লুর রহমান, রাউজান উপজেলা উত্তর ছাত্রসেনার সভাপতি কাজী তাজুল ইসলাম আসিফ ও মুহাম্মদ আলমগীর।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে অজ্ঞাত একটি মুঠোফোন নম্বর থেকে ইলিয়াছ নুরীর কাছে ফোন আসে। ফোন ধরার পর অপর প্রান্তের ব্যক্তি গালাগাল করতে থাকেন এবং দলের লোকজনের খরচ চালানোর জন্য তাঁর কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাঁকে গুলি করে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। ওই ব্যক্তি নিজের পরিচয় না দিলেও নিজেকে সন্ত্রাসী হিসেবে পরিচয় দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় রাউজান থানায় লিখিত অভিযোগ করেন তিনি। রাউজান থানার ওসি সাইফুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মাওলানা ইলিয়াছ নুরী গত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীক নিয়ে অংশ নিয়ে পরাজিত হন।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট