কক্সবাজারে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে যৌথ অভিযান চালানো হয়েছে। বিশুদ্ধ খাদ্য আদালতের সামারি ট্রায়ালের আওতায় পরিচালিত ভেজালবিরোধী যৌথ অভিযানে দুটি বড় প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে গুরুতর অসংগতি ও নিয়ম লঙ্ঘনের দায়ে আরও দুটি রেস্তোরাঁর বিরুদ্ধে নিয়মিত ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শনিবার (১৪ নভেম্বর) কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গিয়াস উদ্দিনের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, শহরের ঝাউতলা এলাকায় ‘হোটেল জামান’ ও সুপারশপ ‘স্বপ্ন’কে খাদ্য নিরাপত্তা সংক্রান্ত অসংগতির দায়ে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
একই তদারকিমূলক অভিযানে প্রধান সড়কের ‘চৌরঙ্গী কনফেকশনারি’কে ৮ লাখ টাকা এবং ‘কাসুন্দী রেস্টুরেন্ট’কে ৩ লাখ টাকা জরিমানা নির্ধারণ করা হলেও ঘটনাস্থলে তা আদায় না করে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে খাদ্য আদালতে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিদর্শনের সময় বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে পচা ও বাসি খাবার সংরক্ষণ, কাঁচা ও রান্না করা খাবার একই স্থানে অপরিচ্ছন্নভাবে রাখা এবং মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরির চিত্র ধরা পড়ে। এসব অনিয়মের কারণেই ‘হোটেল জামান’ ও ‘স্বপ্ন’কে জরিমানার আওতায় আনা হয়েছে।
তিনি আরও জানান, চৌরঙ্গী ও কাসুন্দি রেস্টুরেন্টের গুরুতর অনিয়ম বিবেচনায় নিয়ে বিশুদ্ধ খাদ্য আদালত স্বপ্রণোদিত হয়ে নিয়মিত মামলার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সে অনুযায়ী আইনি প্রস্তুতি চলছে।
জনস্বার্থে ও পর্যটন নগরীর সুনাম রক্ষায় এ ধরনের ভেজালবিরোধী তদারকি অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পূর্বকোণ/পারভেজ

















