চট্টগ্রাম রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীর ৪ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীর ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৬ | ৩:৫৩ অপরাহ্ণ

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  
রবিবার (১৫ নভেম্বর) বিকেল সোয়া তিনটায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এই  রিমান্ড মঞ্জুর করেন।
জাহাঙ্গীর আলম নরসিংদী জেলার শিবপুর থানার চাঁদাপাশা গ্রামের মো.জিন্নাত আলীর ছেলে। তিনি নগরীর পাঁচলাইশ থানার চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেসে বসবাস করতেন।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া জানান, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলমের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের সিএমপির অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাংগীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। সেদিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। পরদিন বুধবার (১১ নভেম্বর) তাকে আটকের গুঞ্জন ছড়িয়ে পড়লে তখন তা অস্বীকার করে ডিআইজি জানিয়েছিলেন, অভিযোগের ভিত্তিতে ওই কর্মকর্তার দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট