চট্টগ্রাম রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

কার্নিভালের জায়গা প্রস্তুতে কক্সবাজার সৈকতে কাটা হচ্ছে ঝাউগাছ

কার্নিভালের জায়গা প্রস্তুতে কক্সবাজার সৈকতে কাটা হচ্ছে ঝাউগাছ

কক্সবাজার সংবাদদাতা

১৫ নভেম্বর, ২০২৬ | ৬:২৬ অপরাহ্ণ

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে শুরু হওয়া তিন মাসব্যাপী জমকালো ‘কক্স কার্নিভাল’-এর জন্য জায়গা প্রস্তুত করতে গিয়ে গাছ নিধনের অভিযোগ উঠেছে।

পর্যটকদের বিনোদন বাড়াতে আয়োজিত এই উৎসবের অবকাঠামো প্রশস্ত করতে গিয়ে উপকূলের প্রাকৃতিক রক্ষাকবচ হিসেবে পরিচিত দীর্ঘদিনের বেশ কিছু ঝাউগাছ নির্বিচারে কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় পরিবেশবাদী মহল ও সচেতন নাগরিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পর্যটন মৌসুমকে কেন্দ্র করে আয়োজিত এই ‘কক্স কার্নিভাল’ দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করলেও এর ব্যবস্থাপনা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে। বিশেষ করে সৈকতসংলগ্ন এলাকায় কার্নিভালের পরিধি বাড়াতে গিয়ে মূল্যবান ঝাউবাগান কেটে ফেলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে সমালোচনা চলছে।

ঝাউ বাগান কাটার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম বলেন, “পর্যটন খাতের বিকাশে উৎসব হতেই পারে, আমরা এর পরিপন্থি নই। কিন্তু এভাবে বহু বছরের পুরানো ও প্রাকৃতিক ঝাউ বাগান কেটে সাফ করে কার্নিভাল আয়োজন করা কোনোভাবেই কাম্য হতে পারে না। ঝাউবাগান না কেটে চাইলে বর্তমানে বাণিজ্য মেলা আয়োজিত খোলা মাঠে বা অন্য কোনো উপযুক্ত স্থানে এই তিন মাসব্যাপী কর্মসূচি পালন করা যেত। গাছ কেটে এমন আয়োজন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।”

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী তারিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, “এ ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। ঝাউগাছ কাটা বা পরিবেশ ধ্বংসের বিষয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট