চট্টগ্রাম বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

তিনটি তীব্র শৈত্যপ্রবাহের আভাস, হতে পারে একাধিক ঘূর্ণিঝড়

৩ মাসের পূর্বাভাস

তিনটি তীব্র শৈত্যপ্রবাহের আভাস, হতে পারে একাধিক ঘূর্ণিঝড়

অনলাইন ডেস্ক

৪ নভেম্বর, ২০২৬ | ৭:৪৮ অপরাহ্ণ

শুরু হয়েছে নভেম্বর মাস। তবে এখনো দেখা মেলেনি কাঙ্ক্ষিত শীতের। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী ৩ মাসে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
 
চলতি বছরের ডিসেম্বর ও আগামী জানুয়ারিতে দেশজুড়ে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দুই থেকে তিনটি তীব্র রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শীতের পাশাপাশি এ সময়ে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ এবং ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কাও রয়েছে।
 
বুধবার (৪ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
 
আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, আগামী জানুয়ারি পর্যন্ত বঙ্গোপসাগরে দুই থেকে চারটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।
 
পূর্বাভাসে আরও বলা হয়েছে, শীত মৌসুমে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় কুয়াশার প্রকোপ দেখা দিতে পারে। বিশেষ করে নদ-নদীর অববাহিকা ও কিছু অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
 
ঘন কুয়াশার প্রভাবে দিনের সর্বোচ্চ ও রাতের সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসতে পারে। ফলে তাপমাত্রা খুব বেশি না কমলেও শীতের অনুভূতি বাড়তে পারে।
 
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশে চার থেকে ছয়টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
 
অধিদপ্তরের শ্রেণিবিন্যাস অনুযায়ী, মৃদু শৈত্যপ্রবাহের সময় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। মাঝারি শৈত্যপ্রবাহে তা নেমে আসতে পারে ৬ থেকে ৮ ডিগ্রিতে। আর তীব্র শৈত্যপ্রবাহের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট