চট্টগ্রাম মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ওডিশায় আঘাত হানার আশঙ্কা, দেশে বৃষ্টি বাড়বে

বঙ্গোপসাগরে নিম্নচাপ : ভারতে আঘাত হানার আশঙ্কা, বাংলাদেশে বৃষ্টি বাড়বে

অনলাইন ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:০৯ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য ও তার পাশের এলাকায় থাকা লঘুচাপটি ঘনীভূত হয়ে এখন নিম্নচাপে রূপ নিয়েছে এবং পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। আবহাওয়াবিদদের ধারণা, এটি আরও কিছুটা শক্তি সঞ্চয় করতে পারে, তবে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা কম এবং বাংলাদেশের ওপর দিয়ে এটির যাওয়ার কোনো আশঙ্কা নেই। বুধবার এটি ভারতের ওডিশা উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

এই নিম্নচাপের প্রভাবে দেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে (৩ নম্বর) সতর্ক সংকেত জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা জেলে ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ চট্টগ্রাম, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বেশির ভাগ স্থানে এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু স্থানে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এর জেরে দেশের সার্বিক তাপমাত্রা কিছুটা নিচে নামতে পারে।

 

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, নিম্নচাপ বাংলাদেশের ওপর দিয়ে না গেলেও এর প্রভাবে উপকূল ও অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এবং আজ-আগামীকাল আকাশ মেঘলা থাকবে। ফলে গরমের অস্বস্তি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তিনি এটাও উল্লেখ করেন, সাধারণত অক্টোবরের শুরুতে মৌসুমি বায়ু বিদায় নেয়, আর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হলে সেই বিদায় কিছুদিন পিছিয়ে যায়—তবে এবার এমন কিছু ঘটার সম্ভাবনা কম।

 

ঢাকা ও আশপাশের এলাকার জন্য সকালের পূর্বাভাসে বলা হয়, দুপুর ১টা পর্যন্ত আকাশ খণ্ড খণ্ড মেঘে ঢাকা থাকতে পারে এবং হালকা বৃষ্টি বা বজ্রপাত হতে পারে, বাতাস বইবে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে। দিনের তাপমাত্রা বড় কোনো পরিবর্তন ছাড়াই থাকার কথা। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস; সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৪৮ মিনিটে।

 

পূর্বকোণ/আদর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট