চট্টগ্রাম বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চট্টগ্রামে বৃষ্টি হতে পারে

অনলাইন ডেস্ক

২ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:২৮ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। তবে আবহাওয়াবিদেরা বলছেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা নেই।

আবহাওয়া অধিদপ্তর গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় আছে। এ কারণে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, সুস্পষ্ট লঘুচাপের সঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় আছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

তবে দেশের সব এলাকায় বৃষ্টির পরিস্থিতি এক রকম নয়। বিশেষ করে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বড় একটি অংশে বৃষ্টি হচ্ছে না। অন্যদিকে দেশের অন্যান্য বিভাগের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। অনেক জায়গায় আকাশ মেঘলা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল রংপুর, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদেরা বলছেন, লঘুচাপের প্রভাবে বিশেষ করে উপকূলীয় ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাত হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট