দারুণ বোলিংয়ে নিউ জিল্যান্ডকে অল্প রানে গুটিয়ে দেওয়ার নেতৃত্ব দিলেন আর্শদীপ সিং। এরপর ছোট লক্ষ্য তাড়ায় ভারতের হয়ে বাকি কাজটুকু সারলেন বিরাট কোহলি। সঙ্গে নতুন করে লিখলেন একাধিক রেকর্ড।
কোহলির রেকর্ডময় দিনে অকল্যান্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে ডাক ওয়ার্থ লুইস মেথডে নিউ জিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ৪০.২ ওভারে ১৮৫ রানে গুটিয়ে যায় কিউইরা। বৃষ্টির হানায় ভারতের লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ১৪৩ রান। ৫৬ বল হাতে রেখেই এই রান টপকে যায় সফরকারীরা।
ইডেন পার্কে রান তাড়ায় প্রথম ওভারেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। শূন্য রানে ফিরে যান এই ওপেনার। দ্বিতীয় উইকেটে ১০৪ বলের ১১৩ রানের জুটি গড়েন শুবমন গিল ও বিরাট কোহলি। এই দুই ব্যাটারের ওয়ানডেতে ২৭ ইনিংসে এটি ষষ্ঠ ১০০ বা তার বেশি রানের জুটি।
গিল ৫৬ বলে ৩৭ রানে ফিরলেও রানের চাকা সচল রাখেন কোহলি। আক্রমণাত্মক ব্যাট করে ৩৫ বলে তুলে ওয়ানডে ক্যারিয়ারের ৮০তম ফিফটি। দেশের বাইরে এটি তার দ্বিতীয় দ্রুততম ফিফটি। এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক বল কম খেলে করেছিলেন ফিফটি।
জ্যাকব ডাফির বলে আউট হওয়ার আগে ৫১ বলে ৭৪ রানের ইনিংস খেলেন কোহলি। তার ইনিংসে ছিল ১৩টি চার ও ১টি ছক্কার মার। নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে এখন যৌথভাবে সর্বোচ্চ রানের মালিক কোহলি। তার ও অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার রিকি পন্টিং-দুজনেরই রান ১৯৭১।
এই ম্যাচে আরও একটি রেকর্ড গড়েছেন কোহলি। বিদেশের মাটিতে রান তাড়ায় স্বদেশী শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে সর্বোচ্চ রান এখন কোহলির। ৬৬.২১ গড়ে ৮ হাজার ৭৪১ রান কোহলির। ৪২.৩৩ গড়ে বিদেশের মাটিতে রান তাড়ায় শচীনের রান ৮ হাজার ৭২০ রান।
কোহলির আউটের পর শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে আসে ১৫ রান। তিনি আউট হলেও ম্যাচ জিততে অসুবিধা হয়নি ভারতের।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুকতে থাকে নিউ জিল্যান্ড। সর্বোচ্চ ৩৮ রান করেন ওপেনার টিম সেইফার্ট। ব্লেয়ার টিকনার করেন ৩৪ রান, গ্লেন ফিলিপসের ব্যাট থেকে আসে ৩০ রান। ড্যারিল মিচেল করেন ২৮ রান।
ভারতের হয়ে আর্শদীপ সিং ১০ ওভারে ৭০ রান খরচায় নেন ৪ উইকেট। গুরানুর ব্রার নেন ৩টি ও আনশু কম্বুজ নেন ২টি উইকেট।
শনিবার ওয়েলিংটনে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।
পূর্বকোণ/প্রান্ত/পারভেজ


















