সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিন সকালে বাংলাদেশের বোলারদের তুলোধুনা করলেন মার্কেস অ্যাকারম্যান। প্রথম সেশনেই তিনি যোগ করলেন ১০৪ রান। যার সৌজন্যে গড়লেন একাধিক রেকর্ড।
দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ হওয়ার ঠিক আগে অবশ্য শরিফুল ইসলামের ফুল টসে এলবিডব্লিউ হয়ে যান বাঁহাতি ওপেনার। ড্রেসিং রুমে ফেরার আগে ২৩ চার ও ৪ ছক্কায় মাত্র ১৩৮ বলে তিনি করেন ১৫০ রান।
চার ম্যাচের ক্যারিয়ারে অ্যাকারম্যানের এটি দ্বিতীয় সেঞ্চুরি। দুটিতেই দেড়শ ছুঁয়েছেন তিনি। জোহানেসবার্গে আগের ম্যাচেই খেলেছিলেন ১৫৭ রানের ইনিংস।
এবার দেড়শ ছুঁতে মাত্র ১৩৭ বল লেগেছে অ্যাকারম্যানের। দক্ষিণ আফ্রিকার হয়ে এটিই দ্রুততম দেড়শ রানের রেকর্ড। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৭ বলে দেড়শ করেছিলেন লুয়ান ডি প্রিটোরিয়াস।
চার ম্যাচ ও ছয় ইনিংসে এখন পর্যন্ত অ্যাকারম্যানের সংগ্রহ ৪৭০ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ৬ ইনিংসে এটিই সর্বোচ্চ। তার আগে ৬ ইনিংসে ৪৪৫ রান করে রেকর্ডের মালিক ছিলেন ফাফ ডু প্লেসিস।
এছাড়া দেড়শ করার পথে দ্বিতীয় দিন সকালেই একশর বেশি রান করেছেন অ্যাকারম্যান। টেস্টে যে কোনো দিন প্রথম সেশনে একশ বা তার বেশি রান করা দক্ষিণ আফ্রিকার চতুর্থ ব্যাটসম্যান বাঁহাতি এই ওপেনার।
১৯২৯ সালে ওয়েন স্মিথ, ২০১০ সালে এবি ডি ভিলিয়ার্স ও ২০২৫ সালে ভিয়ান মুল্ডার দিনের প্রথম সেশনে একশর বেশি রানের কীর্তি গড়েছিলেন। সব মিলিয়ে প্রথম সেশনে একশর বেশি রানের ঘটনা আছে ২৮টি।
পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

















