সংযুক্ত আরব আমিরাতের বোলারদের রীতিমতো পাড়ার ক্রিকেটার বানিয়ে ছাড়লেন বৈভব সূর্যবংশী। একের পর এক ছক্কা মেরে মাত্র ৫৩ বলে ৭ চার ও ২৮ ছক্কায় তিনি খেললেন ২০৪ রানের ইনিংস। স্ট্রাইক রেট অবিশ্বাস্য, ৩৮৪.৯১!
কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে খেলা এই ইনিংসে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি, দ্রুততম দেড়শ, দ্রুততম ডাবল সেঞ্চুরি ও ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ড গড়েছেন ১৫ বছর বয়সী ওপেনার।
ম্যাচে আগে ব্যাট করে হারপ্রিত সিংয়ের ১৩০ রানের সৌজন্যে ৮ উইকেটে ২৪৯ রানের পুঁজি পায় আরব আমিরাত। জবাবে সূর্যবংশীর সাইক্লোন ব্যাটিংয়ে ১৪.২ ওভারে ৩ উইকেটে ২৫৪ রান করে ফেলে ভারত ‘এ’ দল।
দলকে জেতানোর পথে স্রেফ ২৮ বলে সেঞ্চুরি স্পর্শ করেন সূর্যবংশী। লিস্ট ‘এ’ ইতিহাসে এটিই দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড। ২০২৩ সালের মার্শ কাপে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন সাউথ অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার ম্যাকগার্ক।
পরে মাত্র ৪০ বলে দেড়শ পূর্ণ করেন বাঁহাতি ওপেনার। লিস্ট ‘এ’ ক্রিকেটে আগের দ্রুততম দেড়শ রানের রেকর্ডও ছিল তার। গত বছর বিজয় হাজারে ট্রফির ম্যাচে ৫৯ বলে দেড়শ করেছিলেন সূর্যবংশী।
তাণ্ডব অব্যাহত রেখে একের পর এক ছক্কায় মাত্র ৫২ বলে দুইশ করে ফেলেন তরুণ এই ওপেনার। লিস্ট ‘এ’ ক্রিকেটে এত দিন দ্রুততম দুইশ রানের রেকর্ড ছিল চ্যাড বোয়েসের। ২০২৪ সালে ফোর্ড ট্রফির ম্যাচে ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি।
বোয়েসের চেয়ে প্রায় অর্ধেক কম বল খেলে ডাবল সেঞ্চুরি করার পরই আউট হয়ে যান সূর্যবংশী। সব মিলিয়ে ২৮টি ছক্কা মারেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে এত দিন সর্বোচ্চ ছক্কা ছিল ডি’আরসি শর্টের ২৩টি।
এছাড়া স্বীকৃত ক্রিকেটেও এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভেঙে দিয়েছেন সূর্যবংশী। ২০২৪ সালে রঞ্জি ট্রফির ম্যাচে ২৬টি ছক্কা মেরেছিলেন তন্ময় আগারওয়াল।
লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরি করা ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেটও এখন সূর্যবংশীর, ৩৮৪.৯১! এত দিন সর্বোচ্চ ছিল এবি ডি ভিলিয়ার্সের ৪৪ বলে ১৪৯ রানের ইনিংসের স্ট্রাইক রেট, ৩৩৮.৬৩।
পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

















