নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত খেলার পরিবেশ নিশ্চিত করতে কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যৌন হয়রানির বিরুদ্ধে অভিযোগ গ্রহণ ও নিরপেক্ষ তদন্তের জন্য পাঁচ সদস্যের স্বাধীন সুরক্ষা কমিটি গঠন করেছে দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমামকে এই কমিটির প্রধান মনোনীত করা হয়েছে।
রাশনা ইমাম ইতিপূর্বে বিসিবির নির্বাচনকালীন আহ্বায়ক কমিটির সদস্য এবং নারী উইংসের দায়িত্বে ছিলেন। পাশাপাশি তিনি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহধর্মিণী।
স্বচ্ছতা নিশ্চিত করতে এবং স্বার্থের সংঘাত (Conflict of interest) কিংবা বোর্ডের ভেতরের যেকোনো প্রভাব এড়াতে এই কমিটিতে বিসিবির নিজস্ব কোনো কর্মকর্তাকে রাখা হয়নি। ব্যারিস্টার রাশনা ইমামের নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা হলেন- ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। এ ছাড়া দেশের একজন সাবেক নারী ক্রিকেটারকে এই কমিটিতে যুক্ত করা হচ্ছে, যার নাম শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বাংলাদেশ নারী ক্রিকেট দলে যৌন হয়রানির অভিযোগ নতুন নয়। এর আগে জাতীয় দলের তারকা পেসার ও সাবেক অধিনায়ক জাহানারা আলম টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে সরাসরি যৌন নিপীড়নের চাঞ্চল্যকর অভিযোগ এনেছিলেন, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল।
বিসিবির নারী উইংসের প্রধান রফিকুল ইসলাম এ প্রসঙ্গে জানান, নারী ক্রিকেটারদের সুরক্ষিত রাখতে দীর্ঘদিন ধরেই এমন একটি স্বাধীন ফোরামের দাবি ছিল। এই কমিটির ফলে এখন থেকে যেকোনো স্তরের নারী ক্রিকেটার নির্ভয়ে ও নির্দ্বিধায় তাঁদের অভিযোগ এবং সমস্যার কথা জানাতে পারবেন।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ


















