এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অংশ নিতে বর্তমানে উজবেকিস্তানে অবস্থান করছে সৌদি ক্লাব আল নাসর। তবে এ সফরে দলের সঙ্গে যাননি পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো।
আজ তাঁকে ছাড়াই স্থানীয় ক্লাব পাখতাকোরের বিপক্ষে মাঠে নামবেন সফরকারীরা। রোনালদো ছাড়াও এই ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি কিংসলে কোমান ও মোহামেদ সিমাকানকে।
ইএসপিএনের খবর অনুযায়ী, নিরাপত্তাশঙ্কার কারণেই রোনালদোকে তাসখন্দে নিয়ে যাওয়া হয়নি। তবে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, টানা ম্যাচের চাপ ও দীর্ঘ ভ্রমণের ধকল বিবেচনা করতেই এই তিন তারকাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
এর আগে, গত সপ্তাহে আল নাসরের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে রিয়াদে যেতে অস্বীকৃতি জানিয়েছিল সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসল। এছাড়া গত ১২ অক্টোবর রিয়াদে আল নাসরের একটি ম্যাচ ক্ষেপণাস্ত্র হামলার খবরের পর এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়।
এএফসি চ্যাম্পিয়নস লিগের পশ্চিম অঞ্চলের পয়েন্ট তালিকায় সুবিধাজনক অবস্থানে নেই আল নাসর। সৌদি আরবের ৫টি ক্লাবের মধ্যে তাদের অবস্থান সবার নিচে (৯ম)। ফলে এশিয়ার সেরা হওয়ার লক্ষ্যে থাকা দলটির জন্য পাখতাকোরের বিপক্ষে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পূর্বকোণ/প্রান্ত/পারভেজ


















