গ্লেন ফিলিপসের ব্যাটে গড়ল বিশ্বরেকর্ড। দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন নিউ জিল্যান্ডের এই ব্যাটার। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে তাঁর রান ৩৪১।
শেষ ম্যাচে অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েও মাঠ ছেড়েছেন ফিলিপস। হ্যামিল্টনে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে নিউ জিল্যান্ড। তবে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ ৩-২ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ভারত।
দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে আগের সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের ফিল সল্টের। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৩৩১ রান করেছিলেন তিনি। ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৩৩২ রানে পৌঁছেই সল্টকে ছাড়িয়ে যান ফিলিপস। শেষ পর্যন্ত ৩৪১ রান নিয়ে নতুন রেকর্ড গড়েন নিউ জিল্যান্ডের এই ব্যাটার।
সিরিজে ফিলিপিসের ইনিংসগুলো ছিল ৮২, ৭০, ১৭, ১০৭ ও অপরাজিত ৬৫ রানের। চারটি ইনিংসেই করেছেন পঞ্চাশের বেশি রান। দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে চারটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা তৃতীয় ব্যাটারও হয়েছেন তিনি। এর আগে এই কীর্তি ছিল পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও জাপানের এস রবিচন্দ্রনের।
শেষ ম্যাচেও ফিলিপসের ব্যাট ছিল দুর্দান্ত। ৩৮ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। তবে রান তাড়ায় নিউ জিল্যান্ডের সবচেয়ে বড় অবদান টিম সাইফার্টের। ৫০ বলে ৯৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন এই ওপেনার। ১১টি চার ও ৫টি ছক্কা মেরেছেন তিনি। সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থাকতে নীতিশ কুমার রেড্ডির বলে বোল্ড হন সাইফার্ট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে ভারত। ১৯ রানেই ২ উইকেট হারায় সফরকারীরা। তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়ে দলকে সামাল দেন শ্রেয়াস আইয়ার ও ইশান কিষান। ২৩ বলে ৫০ রান করেন শ্রেয়াস। ৩২ বলে ৬১ রান আসে ইশানের ব্যাট থেকে। তাঁদের জুটিই ভারতকে লড়াই করার মতো পুঁজি এনে দেয়। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯১ রান করে ভারত।
নিউ জিল্যান্ডের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অ্যাডাম মিলনে। ১৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। নাথান স্মিথ ও ব্লেয়ার টিকনার পেয়েছেন ২টি করে উইকেট।
জবাবে শুরুতেই ফিন অ্যালেনকে হারালেও চাপে পড়েনি নিউজিল্যান্ড। সাইফার্ট ও ড্যারিল মিচেলের ৭৩ রানের জুটি দলকে এগিয়ে নেয়। তারপর সাইফার্ট ও ফিলিপসের ৮৬ রানের জুটিতে জয়ের পথ সহজ হয়। ১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকেরা।
এই জয়ে শেষ দুই ম্যাচ জিতে সিরিজে ঘুরে দাঁড়ায় নিউ জিল্যান্ড। তবে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল ভারত। পাঁচ ম্যাচের সিরিজটি শেষ হলো ৩-২ ব্যবধানে। সিরিজসেরা হয়েছেন গ্লেন ফিলিপস।
এবার দুই দল মুখোমুখি হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে। আগামী বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে হবে প্রথম ম্যাচ।
পূর্বকোণ/প্রান্ত/পারভেজ


















