২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রিকেটপ্রেমীরা। টিকিটের আবেদন প্রক্রিয়া শুরুর মাত্র ১২ দিনেই জমা পড়েছে দেড় কোটির বেশি টিকিটের আবেদন।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় টুর্নামেন্টটির টিকিট পেতে আবেদন করেছেন ১৪২টি দেশের সমর্থক।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত নিবন্ধন করেছেন ৪৪ লাখ ২৩ হাজার ৪১৭ জন। তাদের আবেদনে টিকিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৭৫২টি। টিকিটের আবেদনে শীর্ষ পাঁচ দেশের তালিকায় রয়েছে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।
গত ১ অক্টোবর টিকিটের আবেদন প্রক্রিয়া শুরু হয়। প্রথম সপ্তাহে আবেদন করা টিকিটের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছিল। এরপর মাত্র কয়েক দিনের ব্যবধানে তা ১ কোটি ৫০ লাখ পেরিয়ে গেছে।
বিশ্বকাপের টিকিটের চাহিদাকে টুর্নামেন্টটির জনপ্রিয়তা ও আফ্রিকায় ক্রিকেট আয়োজনের আকর্ষণের প্রতিফলন হিসেবে দেখছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্ত।
তিনি বলেন, টিকিটের জন্য বিপুল চাহিদা ক্রিকেট বিশ্বকাপের মর্যাদা ও জনপ্রিয়তার প্রমাণ। একই সঙ্গে আয়োজক অঞ্চল হিসেবে আফ্রিকার আকর্ষণ এবং টুর্নামেন্ট শুরুর আগে আইসিসি ও অংশীদারদের প্রচারণাও এই আগ্রহ তৈরিতে ভূমিকা রেখেছে।
টিকিটের জন্য আবেদন করা যাবে আগামী ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত, দক্ষিণ আফ্রিকার সময় অনুযায়ী। আবেদন করতে কোনো অর্থ দিতে হবে না। একজন ব্যক্তি প্রতিটি ম্যাচের জন্য একবার আবেদন করতে পারবেন এবং চাইলে একাধিক ম্যাচের টিকিটের জন্যও আবেদন করতে পারবেন।
টিকিট পাওয়ার ক্ষেত্রে আগে আবেদন করলেই বাড়তি সুবিধা মিলবে না। কোনো ম্যাচের টিকিটের চেয়ে আবেদন বেশি হলে লটারির মাধ্যমে টিকিট কেনার সুযোগ নির্ধারণ করা হবে। নির্বাচিত ও অনির্বাচিত আবেদনকারীকে ই-মেইলের মাধ্যমে ফল জানাবে আইসিসি।
পূর্বকোণ/প্রান্ত


















