চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ক্রীড়া ডেস্ক

১৩ অক্টোবর, ২০২৬ | ১:৪৩ অপরাহ্ণ

ফরাসি প্রতিযোগিতা লিগ ওয়ানে লিলের ডিফেন্ডার তিয়াগো সান্তোস ফুটবলারদের আতঙ্ক অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে পড়েছেন। এখন তাকে কড়া ট্যাকল করা প্রতিপক্ষ লে হাভরের মিডফিল্ডার আমির রিচার্ডসনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে লিলে।

 

ঘটনাটি ঘটে লিলে ও লে হাভরের মধ্যকার ম্যাচটিতে, যেখানে ১-0 গোলে জয় পায় লিলে। ম্যাচের প্রথমার্ধে লে হাভরের মিডফিল্ডার আমির রিচার্ডসনের একটি অনিয়ন্ত্রিত ও ভয়ঙ্কর ট্যাকলের শিকার হন ২৪ বছর বয়সী সান্তোস। এর ফলে তার ডান হাঁটুর এসিএল ছিঁড়ে যাওয়ার পাশাপাশি ‘মেনিসকাস’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে তাকে মাঠ থেকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যেতে বাধ্য হন চিকিৎসকরা।

 

মাঠের খেলায় রিচার্ডসনের ওই ফাউলটিকে রেফারি কেবল একটি সাধারণ ফাউল হিসেবে বিবেচনা করেন এবং তাকে কোনো কার্ড দেখাননি। তবে লিলের জোরালো দাবি, ওই ট্যাকলটি ছিল সরাসরি লাল কার্ড পাওয়ার মতো অপরাধ। এ বিষয়ে লিগ গভর্নিং বডির (এলএফপি) শৃঙ্খলা কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর পাশাপাশি ম্যাচ অফিশিয়ালদের কাছে ওই ফাউলের ভিডিও পর্যালোচনা প্রক্রিয়া নিয়েও ব্যাখ্যা চেয়েছে ক্লাবটি।

 

রিচার্ডসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়ে লিলে তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, ‘ক্লাবটি সম্ভাব্য সব আইনি পথ খতিয়ে দেখছে এবং নিজেদের খেলোয়াড়ের ক্ষতিপূরণ আদায়ে প্রয়োজনীয় যেকোনো আইনি পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার সংরক্ষণ করে। নিজের অধিকার রক্ষায় তিয়াগো যে পদক্ষেপই নেওয়ার সিদ্ধান্ত নিক না কেন, ক্লাব তার পাশে থাকবে এবং সর্বাত্মক সহায়তা করবে।’

 

যদিও ফরাসি লিগের বিদ্যমান নীতিমালার প্রতি সম্পূর্ণ সম্মান প্রদর্শনের কথা পুনর্ব্যক্ত করেছে ক্লাবটি। একইসঙ্গে সান্তোসের দ্রুত সুস্থতা ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন প্রক্রিয়া সফল হোক, এমনটাই কামনা করছে পুরো লিলে পরিবার।

 

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালেও একবার বাঁ পায়ে এসিএল ইনজুরির কবলে পড়েছিলেন এই সান্তোস। তবে এই গুরুতর ঘটনার পর এখন পর্যন্ত ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) কিংবা এলএফপির পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

পূর্বকোণ/ঐশী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট