ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত দ্বৈরথগুলোর একটি মেসি-রোনালদো। দুই দশকের বেশি সময় ধরে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পাশাপাশি উচ্চারিত হয়েছে তাদের নাম। রোনালদিনিয়ে, নেইমার, লুইস সুয়ারেস থেকে শুরু করে বর্তমান ও সাবেক অসংখ্য তারকা শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন লিওনেল মেসিকে।
আবেগ আর স্তুতির জোয়ার বইয়ে যাচ্ছে ফুটবল বিশ্বময়। তবু যেন একটু অপূর্ণতা ছিল, একজনের অপেক্ষা ছিল। সেই তিনি, দুই দশক ধরে মেসির প্রবল প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও এবার শ্রদ্ধা জানালেন আর্জেন্টাইন জাদুকরের বিদায়ে।
বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের পথচলা থামিয়েছেন মেসি। শেষটাও তিনি রাঙিয়েছেন গোল করে এবং করিয়ে।
৩৯ বছর বয়সী মেসি মঙ্গলবার মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে খেলেছেন জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচ। ৮৫ হাজারের বেশি দর্শকের সামনে ৩-০ ব্যবধানের জয়ে একটি গোল করেছেন, সতীর্থদের দুটি গোলেও সরাসরি অবদান রেখেছেন। ম্যাচটিকে ঘিরে তৈরি হয়েছিল মেসির ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের বর্ণিল বিদায় অনুষ্ঠান।
বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেন মেসি। সেখানে তিনি লিখেছেন, ‘গতকাল ছিল আমার শেষ ম্যাচ, আর এরই মধ্যে আমি নীল-সাদা জার্সি পরাটাকে মিস করতে শুরু করেছি। আমি জানি, আমি সঠিক সিদ্ধান্তই নিচ্ছি।’
এরপর নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের দিকে ফিরে তাকিয়ে মেসি বলেন, ‘এটি ছিল অসাধারণ এক যাত্রা, যেখানে অনেক আনন্দ ছিল, আবার কিছু দুঃখও ছিল। তবে আমি নিশ্চিতভাবে জানি, আমি যে প্রতিটি পদক্ষেপ নিয়েছি, তার প্রতিটিই সার্থক ছিল।’
সামাজিক মাধ্যমে মেসির প্রতিক্রিয়ার পোস্টে রোনালদোও জানিয়েছেন উষ্ণ বার্তা।“লিও, এতগুলো বছর ধরে নিজের দেশের হয়ে লড়েছ এবং এমন এক ইতিহাস তৈরি করেছো, যা চিরকাল রয়ে যাবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার জন্য আমার পূর্ণ শ্রদ্ধা। (তোমার জন্য) আলিঙ্গন।”
গত দুই দশকে এই দুজনের নাম উচ্চারিত হয়েছে এক নিশ্বাসেই। মাঠে যেমন দুজন রচনা করেছেন অবিশ্বাস্য সব অধ্যায়, তাদের দ্বৈরথ আর লড়াই নিয়ে রচনা হয়েছে মহাকাব্য। বিশেষ করে, ক্লাব ফুটবলে দুজনের চমকপ্রদ প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ইতিহাসের অনন্য এক উপাখ্যান হয়েই থাকবে। ক্রমে অবশ্য রেকর্ড আর কীর্তিতে রোনালদোকে ছাপিয়ে গেছেন মেসি। বিশেষ করে, দেশের হয়ে অর্জনে নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। বিদায়বেলায় সেই সম্মানও তিনি পাচ্ছেন।
পূর্বকোণ/মিফতা


















