চট্টগ্রাম মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

আর্জেন্টিনার জার্সি গায়ে শেষ অধ্যায়, মেসির আবেগঘন বার্তা

অনলাইন ডেস্ক

৬ অক্টোবর, ২০২৬ | ২:৫২ অপরাহ্ণ

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামছেন লিওনেল মেসি। বুধবার (৭ অক্টোবর) ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। এই বিদায়ী ম্যাচটিকে কেন্দ্র করে এরই মধ্যে এজেজার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কমপ্লেক্সে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন মহাতারকা।

 

অনুশীলন চলাকালীন বেশ হাসিখুশি মেজাজে দেখা গেলেও সময়ের অন্যতম সেরা এই ফুটবলারের মনে কাজ করছে গভীর আবেগ। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অনুভূতির কথা নিজেই প্রকাশ করেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড। ইনস্টাগ্রামে অনুশীলনের কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি নিশ্চিত এসব বিশেষ মুহূর্ত মিস করবো।’

 

ভাইরাল হওয়া ছবিগুলোর মধ্যে বিশেষ নজর কেড়েছে একটি দলীয় ফ্রেম। যেখানে সতীর্থ ও কোচিং স্টাফদের পাশাপাশি উপস্থিত ছিলেন এএফএ সভাপতি ক্লাদিও তাপিয়া, মাঠের কর্মীসহ পুরো আর্জেন্টিনা দল।

দীর্ঘ ও বন্ধুর পথ পাড়ি দিয়ে আলবিসেলেস্তেদের জার্সিতে সাফল্যের শিখরে পৌঁছেছেন মেসি। বছরের পর বছর নানা হতাশা আর ব্যর্থতার পর ২০২১ সালে কোপা আমেরিকা জিতে আন্তর্জাতিক খরা কাটান তিনি। এরপর কাতারে ২০২২ সালের বিশ্বকাপ জয় করে নিজের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারকে দেন পূর্ণতা। দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে অবশেষে জাতীয় দল থেকে বিদায়ের চূড়ান্ত মঞ্চে দাঁড়িয়ে আছেন তিনি।

পূর্বকোণ/ঐশী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট