চট্টগ্রাম শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জও পেলো না বাংলাদেশ

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জও পেলো না বাংলাদেশ

স্পোটর্স ডেস্ক

৩ অক্টোবর, ২০২৬ | ১১:১১ পূর্বাহ্ণ

এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে বল হাতে প্রতিপক্ষকে চেপে ধরেও শেষ পর্যন্ত তা বজায় রাখতে না পারায় হাতছাড়া হলো পদক।
 
 
ম্যাচের শুরুতে দুর্দান্ত বোলিংয়ে দ্বীপরাষ্ট্রটিকে চরম বিপদে ফেলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। মাত্র ২১ রানের মধ্যেই তুলে নিয়েছিল শ্রীলঙ্কার প্রথম ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। তবে সেই দারুণ সূচনার সুবিধা ধরে রাখতে পারেনি টাইগাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ের পর হঠাৎই খেই হারিয়ে ফেলে তারা, যার সুযোগ নিয়ে শক্ত ভিত তৈরি করে নেয় শ্রীলঙ্কা।
 
 
মাঝের ওভারে বোলিং ও ফিল্ডিংয়ের ব্যর্থতায় ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কা ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান তোলে। জবাবে বাংলাদেশ ১০২ রানে থেমে যায়।
 
 
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সাইফ হাসান ৬ বলে কোনো রান না করে ফেরেন।
 
 
এরপর তানজিদ হাসান ২ বলে শূন্য ও অধিনায়ক লিটন দাস ১ বলে শূন্য রানে আউট হলে দ্রুতই চাপে পড়ে দল। তবে পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয় কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।
 
 
ইমন ২৬ বলে ২২ রান করেন। হৃদয় ৬ বলে ১১ রান করে ফিরলে সেই জুটিও ভেঙে যায়। ইয়াসির আলী ১৬ বলে ২১ এবং রিশাদ হোসেন মাত্র ৫ বলে ১০ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। শেষ দিকে নাসুম আহমেদের ২৮ বলে ২৬ রান কেবল হারের ব্যবধান কমায়।
 
 
শ্রীলঙ্কার বোলারদের সামনে বাংলাদেশের ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারও খেলতে পারেনি বাংলাদেশ। ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০২ রানেই থামে তাদের ইনিংস।
 
 
এর আগে বাংলাদেশের বোলাররা শ্রীলঙ্কাকে শুরুতেই চাপে ফেলেছিলেন। মাত্র ২১ রানের মধ্যে চার উইকেট হারিয়েছিল লঙ্কানরা। কিন্তু এরপর সাহান আরাচ্চিগে ও থারিন্দু রাত্নায়েকের জুটিতে ম্যাচের চিত্র পাল্টে যায়। থারিন্দু ৩২ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার ব্যাটে ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কা।
 
 
বিশেষ করে মোস্তাফিজুর রহমানের ১৪তম ওভারে ২৫ রান তুলে শ্রীলঙ্কা ম্যাচে ফিরে আসে। পরে ক্যাচ মিসের সুযোগও কাজে লাগিয়ে বড় সংগ্রহ গড়ে তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করে শ্রীলঙ্কা।
 
 
বাংলাদেশের হয়ে সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান ও শেখ মাহেদী হাসান দুটি করে উইকেট নেন।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন