চট্টগ্রাম শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

৯ গোলে হারের পর জাতীয় দলের দুই ফুটবলারের নাইটক্লাবের ভিডিও ভাইরাল

৯ গোলে হারের পর জাতীয় দলের দুই ফুটবলারের নাইটক্লাবের ভিডিও ভাইরাল

স্পোর্টস ডেস্ক

২ অক্টোবর, ২০২৬ | ৩:৩২ অপরাহ্ণ

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারের পর বাংলাদেশ জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি পোস্টকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে ম্যাচের পর জাকার্তার একটি নাইট ক্লাবে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে বিভিন্ন সূত্রে অভিযোগটি অস্বীকার করেছেন দুই ফুটবলার।
 
ইন্দোনেশিয়ার এক নারী আলানার এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, সাদ ও সোহেল রানার সঙ্গে আছেন তিন জন নারী। এরপর একটি ভিডিওতে গানের তালে তালে নাচতেও দেখা যায় সাদকে।
 
দলের এমন বাজেভাবে হারের ঠিক পরই এমন ভিডিও ও ছবি ভাইরাল হওয়ায় নেটিজেন ও ভক্তরা বিষয়টি ভালোভাবে নেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে যা নিয়ে সমালোচনা করছেন তারা। তবে সাদ ও সোহেল দিয়েছেন ভিন্ন তথ্য দিয়েছেন। তাদের ভাষ্য, ‘মোহামেডানে সাইন করার পর আমরা ফ্রি ছিলাম। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে নেপালে ঘুরতে গিয়েছিলাম। তখন একটি (লোডা) ক্লাবে তার সঙ্গে দেখা ও পরিচয় হয়েছিল। এটি জাকার্তা বা ইন্দোনেশিয়ায় নয়।’
 
যদিও ইন্দোনেশিয়ার নারী আলানা এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছিলেন, ‘বাংলাদেশে ফুটবলারদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের ক্লাবে। বাংলাদেশ ইন্দোনেশিয়া ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তারা। এটা খুবই মজার হতো যদি খেলা দেখতাম এবং নিজের জাতীয় দলের বদলে বাংলাদেশের পক্ষে গলা ফাটাতাম।’ 
 
এদিকে বিষয়টি নিয়ে বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের পর রাতের খাবার শেষে খেলোয়াড়দের নিজ নিজ কক্ষে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘রাতের খাবারের পর খেলোয়াড়েরা ঘুমাতে গেছে। আমরা তো সারা রাত তাদের দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে পারি না।’
 
তবে নির্দেশ অমান্য করে বাইরে গিয়েছিলেন কি না, সে সম্ভাবনাও উড়িয়ে দেননি বাবু। তিনি বলেন, ‘যদি তারা এমনটা করে থাকে, আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে। আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।’
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট