চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

মেসিকে আলিঙ্গনের সময় কী বলেছিলেন ইয়ামাল

অনলাইন ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:৫৯ অপরাহ্ণ

বিশ্বকাপ ফাইনালের পর আবেগঘন এক মুহূর্তের জন্ম দিয়েছিলেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। শিরোপা জয়ের আনন্দের মধ্যেই আর্জেন্টিনার হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে পরাজিত লিওনেল মেসির কাছে ছুটে যান তিনি। এরপর মেসিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন ইয়ামাল।
 
 
সম্প্রতি ‘দ্য গার্ডিয়ান’কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই মুহূর্তের কথা স্মরণ করেন স্প্যানিশ ফরোয়ার্ড। ইয়ামাল জানান, মেসিকে আলিঙ্গন করে তিনি বলেছিলেন, ফুটবলে তার অবদানের জন্য তিনি কৃতজ্ঞ।
 
 
ইয়ামালের ভাষায়, ‘ফুটবলের জন্য আপনি যা কিছু দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।’
 
 
ফাইনালের ওই দৃশ্যের মধ্য দিয়ে মেসি ও ইয়ামালের পুরোনো এক যোগসূত্রও নতুন করে আলোচনায় আসে। কয়েক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, শিশুকালের ইয়ামালকে স্নান করাচ্ছেন তরুণ মেসি। ছবিটি প্রকাশ্যে আসার পর দুই প্রজন্মের এই দুই তারকাকে নিয়ে শুরু হয় নানা তুলনা।
 
 
তবে মেসির সঙ্গে এমন তুলনা নিয়ে স্বস্তিতে ছিলেন না ইয়ামাল। তার বাবা ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর সেটি সরিয়ে ফেলতেও বলেছিলেন তিনি।
 
 
ইয়ামাল জানান, মেসির সঙ্গে তুলনার কারণে নিজের পরিচয় হারিয়ে ফেলার আশঙ্কা ছিল তার। নিজের ক্যারিয়ারে অন্য কারও ছায়ায় নয়, নিজস্ব পরিচয়েই এগিয়ে যেতে চান এই তরুণ ফুটবলার।
 
 
তার বক্তব্য, তিনি সবসময় ‘লামিনে’ হিসেবেই পরিচিত হতে চেয়েছেন এবং ফুটবলে নিজের সামর্থ্য ও পরিশ্রমের মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন।
 
পূর্বকোণ/পল্লবী

শেয়ার করুন