লিওনেল মেসি আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার আগে আর্জেন্টিনার নতুন অধিনায়ক হিসেবে ক্রিস্তিয়ান রোমেরোর নাম ঘোষণা করা হয়েছে। জাতীয় দল থেকে ইতোমধ্যে অবসর নেওয়া আনহেল দি মারিয়া প্রধান কোচ লিওনেল স্কালোনির এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।
২৮ বছর বয়সী রোমেরো এতদিন মেসি ও নিকোলাস ওতামেন্দির পর দলের তৃতীয় অধিনায়ক ছিলেন। এর আগে চিলি, ভেনেজুয়েলা ও মৌরিতানিয়ার বিপক্ষে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে এই সেন্ট্রাল ব্যাকের।
দলের নতুন অধিনায়কত্ব নিয়ে দি মারিয়া বলেন, ‘রোমেরোর এই মর্যাদা প্রাপ্য। আমি মনে করি স্কালোনি ও কোচিং স্টাফরা চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন। সে একজন দারুণ মানুষ বলেই এটা তার প্রাপ্য। আর্মব্যান্ড পরার মতো উপযুক্ত মেজাজ তার রয়েছে এবং আমি নিশ্চিত সে দারুণ কাজ করবে।’
সমর্থকদের উদ্দেশ্যে দি মারিয়া বলেন, ‘আমি আনন্দিত, মানুষ জাতীয় দলকে এভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। তারা নিশ্চিতভাবেই আমাদের আরও আনন্দ এনে দেবে।’
টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনা কোচ বলেন, ‘অধিনায়ক হতে যাচ্ছেন কুটি (রোমেরো)। লিও এবং ওতার পর সে-ই ছিল তৃতীয় অধিনায়ক। এমিলিয়ানো (মার্তিনেজ) আছে, যে আর্মব্যান্ড পরতে পারে। রদ্রিগো (দে পল), যে আগামী দুই ম্যাচে থাকছে না, সে-ও পরতে পারে। লাউতারো (মার্তিনেজ) পরতে পারে। তবে কুটি-ই এর জন্য সঠিক ব্যক্তি।’
মেসির ঐতিহাসিক বিদায়কে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে আলবিসেলেস্তেরা। বেনিনের বিপক্ষে আগামী ৬ অক্টোবরের প্রীতি ম্যাচের মাধ্যমে নিজের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন মেসি। সেই ম্যাচের আগেই বলিভিয়া ও বুর্কিনা ফাসোর মুখোমুখি হবে আর্জেন্টিনা।
পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

















