চট্টগ্রাম সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশ, র‍্যাঙ্কিং ভাবনায় নেই ডুলি

ফিফা আসিয়ান কাপ

সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশ, র‍্যাঙ্কিং ভাবনায় নেই ডুলি

স্পোর্টস ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২:৪১ অপরাহ্ণ

আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে আজ (সোমবার) বিকেল ৩ টায় ইন্দোনেশিয়ার জাকার্তায় সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।
 
 
মালয়েশিয়ার বিপক্ষে আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামতে চান বাংলাদেশ কোচ টমাস ডুলি। প্রতিপক্ষ ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও সেটিকে গুরুত্ব দিতে নারাজ এই কোচ। তার কাছে গুরুত্বপূর্ণ নিজেদের পরিকল্পনা অনুযায়ী আগ্রাসী ফুটবল খেলা।
 
 
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক দুই ম্যাচের স্মৃতিও খুব সুখকর নয়। দুটি ম্যাচেই বাংলাদেশ হেরেছে। একটিতে ২-১, অন্যটিতে ১-০ গোলে। তবে ওই ম্যাচ দুটিতে বাংলাদেশেরও জয়ের সুযোগ ছিল বলে মনে করেন ডুলি। এবার তাই ভিন্ন মানসিকতা নিয়ে মাঠে নামার প্রত্যয় তার।
 
 
ডুলি বলেছেন, ‘সিঙ্গাপুর আমাদের চেয়ে র‌্যাঙ্কিংয়ে কত ধাপ ওপরে, সেটা নিয়ে আমি মোটেও ভাবছি না। আমাদের ফুটবল খেলতে হবে, জয়ের জন্য খেলতে হবে। আমি ম্যাচটি জিততে চাই। এ নিয়ে কোনো প্রশ্নই নেই।’
 
 
মালয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলের হারে সবচেয়ে বেশি হতাশ করেছে নিজেদের ভুল জানিয়েছেন ডুলি। তার মতে, অতিরিক্ত নিচে নেমে গিয়ে প্রতিপক্ষকে খেলার সুযোগ দেওয়া যাবে না। বরং সিঙ্গাপুরের বিপক্ষে শুরু থেকেই আগ্রাসী হতে চান তিনি।
 
 
‘আমাদের আরও আগ্রাসী হতে হবে। প্রতিপক্ষের খেলোয়াড়ের বিপক্ষে, বলের বিপক্ষে। সামনে খেলতে হবে। বাংলাদেশকে নিয়ে আমি যে ধরনের ফুটবল খেলাতে চাই, এটা তারই অংশ,’ বলেছেন ডুলি।
 
 
এই টুর্নামেন্ট থেকে চার পয়েন্ট পাওয়ার লক্ষ্য ছিল বাংলাদেশের। মালয়েশিয়ার কাছে হারের পর সেই লক্ষ্য পূরণ সম্ভব নয়। তবে সিঙ্গাপুরকে হারিয়ে তিন পয়েন্ট পাওয়ার সুযোগ এখনো আছে। সেটিই দলের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন কোচ।
 
 
ডুলি আরও জানান, এই টুর্নামেন্টকে মূলত আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে দেখছেন তিনি। শক্তিশালী সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলে দলের শেখার সুযোগ তৈরি হয়েছে। তার বিশ্বাস, এমন কঠিন ম্যাচগুলো থেকেই নিজেদের উন্নতির জায়গাগুলো চিহ্নিত করা সম্ভব।
 
 
সিঙ্গাপুরের বিপক্ষে তাই প্রতিপক্ষের শক্তি-দুর্বলতার চেয়ে নিজেদের খেলাতেই বেশি মনোযোগ দিতে চান ডুলি। তার প্রত্যাশা, মাঠে এবার এমন বাংলাদেশ দেখা যাবে যারা বল ও প্রতিপক্ষ দুইয়ের বিরুদ্ধেই আগ্রাসী থাকবে।
 
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট