চট্টগ্রাম রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

শচীনের একাধিক রেকর্ড ভাঙার অপেক্ষায় কোহলি

শচীনের একাধিক রেকর্ড ভাঙার অপেক্ষায় কোহলি

অনলাইন ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:২৯ অপরাহ্ণ

ওয়ানডে ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক ছুঁতে বিরাট কোহলির দরকার মাত্র ৫৯ রান। সেই মাইলফলক হয়তো আজই ছুঁয়ে ফেলতে পারেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ তিরুবনন্তপুরমে মাঠে নামবে ভারত।
 
কোহলি ওয়ানডেতে ১৪,৯৪১ রান করেছেন ৩০২ ইনিংস। ব্যাটিং গড় ৫৮.৫৯। তাঁর নামের পাশে আছে ৫৪ সেঞ্চুরি ও ৭৯ ফিফটি। ১৫ হাজার রান পূর্ণ করলে শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক ছোঁবেন তিনি।
 
তবে ১৫ হাজার রান নয়, এই মাইলফলকের সঙ্গে আরও একটি বড় রেকর্ডের হাতছানি আছে তাঁর সামনে। ৫৯ রান করলে ৩০৩তম ইনিংসেই ১৫ হাজারে পৌঁছে যাবেন কোহলি। তাতে দ্রুততম ১৫ হাজার ওয়ানডে রানের রেকর্ড নিজের করে নেবেন তিনি। টেন্ডুলকার ৩৭৭তম ইনিংসে ১৫ হাজার রানে পৌঁছেছিলেন।
 
অর্থাৎ কোহলি তাঁর চেয়ে ৭৪ ইনিংস কম খেলেই এই মাইলফলক স্পর্শ করতে পারেন। আর আজ যদি না পারেন, সুযোগ থাকছে এ সপ্তাহেরই পরের দুই ওয়ানডেতে। যার অর্থ, দ্রুততম ১৫ হাজারের রেকর্ডটি যে কোহলিরই হতে যাচ্ছে, তা অনেকটাই নিশ্চিত।
 
আর প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজও কোহলির বেশ পছন্দের। ক্যারিবীয়দের বিপক্ষে ৪৩ ম্যাচের ৪১ ইনিংসে ২,২৬১ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৬৬.৫০, যা তাঁর ক্যারিয়ার গড়ের চেয়ে বেশি। আছে ৯ সেঞ্চুরি ও ১১ ফিফটি।
 
তিরুবনন্তপুরমের মাঠেও কোহলির সুখস্মৃতি আছে। সেখানে দুটি ওয়ানডে খেলে এখনো আউট হননি তিনি। করেছেন ১৯৯ রান। এর মধ্যে ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ১৬৬ রানের দুর্দান্ত ইনিংস।
 
শচীনের আরও একটি রেকর্ডও এখন কোহলির নাগালে। ভারতের মাটিতে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি এখনো টেন্ডুলকারের দখলে। ঘরের মাঠে ১৬৪ ম্যাচে তিনি করেছেন ৬,৯৭৬ রান।
 
কোহলির রান ৬,৮৬৭, অর্থাৎ আর ১১০ রান করলেই শচীনকে ছাড়িয়ে যাবেন তিনি। ঘরের মাঠে এখন পর্যন্ত ১২৭ ইনিংস ব্যাটিং করে ৬২.৪২ গড়ে রান করেছেন কোহলি। সেঞ্চুরি ২৭টি, ফিফটি ৩৬টি।
 
তবে সব মিলিয়ে আন্তর্জাতিক সেঞ্চুরিতে শচীনের ১০০টির রেকর্ড ছোঁয়া এখনো কিছুটা দূরের পথ। কোহলির আন্তর্জাতিক সেঞ্চুরি এখন ৮৫টি।
 
পূর্বকোণ/প্রান্ত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট