দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াইয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের গতি তারকা মার্ক উড। তবে গণমাধ্যমে কাজ করার পাশাপাশি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোয় খেলা চালিয়ে যেতে চান অভিজ্ঞ এই পেসার।
৩৬ বছর বয়সী উড ইংল্যান্ডের হয়ে ১৪৬টি আন্তর্জাতিক ম্যাচে ২৫৩ উইকেট নিয়েছেন। দেশের ইতিহাসে সবচেয়ে গতিময় পেসারদের একজন এবং অ্যাশেজ (২০১৫), ওয়ানডে বিশ্বকাপ (২০১৯) ও টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী (২০২২) হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন তিনি।
২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাঁটুতে চোট পাওয়ার পর, মাত্র একটি টেস্ট ম্যাচ খেলতে পেরেছেন উড। এর মধ্যে দারুণ একজন ব্রডকাস্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
ডারহ্যামে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ওয়ানডেতে কাজ শুরুর আগে অবসরের ঘোষণা দিলেন উড। তবে আপাতত ডারহ্যামের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলা চালিয়ে যাবেন।
গণমাধ্যমে কাজ করার পাশাপাশি সময়-সুযোগ পেলে খেলবেন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে। লেভেল থ্রি কোচিংয়ের জন্য পড়াশোনাও করছেন তিনি।
২০২৩ সালে তিন বছরের জন্য ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে সই করেছিলেন উড, যার মেয়াদ শেষ হবে আগামী সপ্তাহে। ইসিবি চুক্তির মেয়াদ বাড়ানোর কোনো প্রস্তাব দেবে না, জানার পর অবসরের সিদ্ধান্ত নেন তিনি।
২০১৫ সালের ৮ মে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উডের। চোটের জন্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে যখন খেলেছেন, সবসময়ই তিনি নিজের সামর্থ্য দেখিয়েছেন ।
পূর্বকোণ/প্রান্ত/পারভেজ
















