চট্টগ্রাম মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

মেসির বিদায়ী ম্যাচের জন্য স্মারক জার্সি প্রস্তুত করছে আর্জেন্টিনা

মেসির বিদায়ী ম্যাচের জন্য স্মারক জার্সি প্রস্তুত করছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:৪৩ অপরাহ্ণ

ফুটবল তারকা লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় জানিয়েছেন গত ৩১ আগস্ট। তবে তার দেশীয় ফুটবলভক্তদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায়ের লক্ষ্যে আগামী ৬ অক্টোবর জাতীয় দলে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন মেসি। তাই আফ্রিকান দেশ বেনিনের বিপক্ষে এই মহাতারকার বিদায়ী এই ম্যাচ ঘিরে বিশেষ এক জার্সি প্রস্তুত করছে আর্জেন্টিনা।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওতে এমন ইঙ্গিতই দিলেন মেসি। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শেষ ম্যাচ…আজীবনের স্মারক জার্সি। শেষ লড়াই…আজীবনের জন্য স্মারক এক পোশাক।’ ওই ভিডিওতে দেখা যায়, মেসি আর্জেন্টিনার পতাকার রঙে বানানো এক জোড়া বুট সোফার ওপর রাখছেন। ডান পাশে হ্যাঙ্গারে ঝোলানো তার জাতীয় দলের ১০ নম্বর জার্সিটি খুলে বিশেষ এক জার্সি রাখলেন তিনি।

নতুন ওই জার্সি অবশ্য মেসি একাই পরবেন, নাকি পুরো আর্জেন্টিনা জাতীয় দল ওই পোশাকে মাঠে নামবে সেটি স্পষ্ট নয়। বিশ্বকাপজয়ী এই তারকার বিদায়ীয় ম্যাচের জন্য প্রস্তুতকৃত জার্সির জার্সির নকশায় ভিন্নতা দেখা গেছে। পিঠের অংশে মূল রং হিসেবে দুই পাশে মোটা আকাশি নীল, যার ঠিক মাঝখান দিয়ে সাদা স্ট্রাইপ লম্বালম্বিভাবে নেমে গেছে। এ ছাড়া খেলোয়াড়দের নাম এবং নম্বর সোনালি রঙে লেখা, এর সঙ্গে ‘সান অব মে’র ছায়া (শেড) ফুটিয়ে তোলা হয়েছে বিশেষ শৈলীতে।

জাতীয় দলের হয়ে কিংবদন্তি অধিনায়কের শেষ ম্যাচে বিশেষ মাত্রা যোগ করার লক্ষ্যেই বিশেষ এই জার্সিটি বেছে নেওয়া হয়েছে। ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনা তিনটি ম্যাচ খেলবে, তবে মেসি খেলবেন কেবল বেনিনের বিপক্ষে ম্যাচটি। ৬ অক্টোবর বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে তার বিদায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এর আগে আগামী ৩০ সেপ্টেম্বর ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই নম্বর অবস্থানধারী লিওনেল স্কালোনির দল কর্দোবায় ৭৭তম র‌্যাঙ্কিংধারী বলিভিয়ার বিপক্ষে খেলবে। এরপর ৩ অক্টোবর ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ বুরকিনা ফাসো (৬২তম)। র‌্যাঙ্কিংয়ে ৯৩তম বেনিনের বিপক্ষে ম্যাচটি সবার শেষে, মেসির বিদায়ী ম্যাচটি স্বাভাবিকভাবেই এখন থেকেই রোমাঞ্চ ছড়াচ্ছে।

আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষবার মাঠে নামাকে কেন্দ্র করে আরও বড় আয়োজনের পরিকল্পনা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্যকে তাদের পরিবারসহ আমন্ত্রণ জানানো হবে, যাতে সতীর্থদের সঙ্গে মেসি তার জাতীয় দলের অধ্যায়ের শেষ মুহূর্তটি উদযাপন করতে পারেন।

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট