এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে বের হয়ে অন্তত এক পয়েন্ট নিয়ে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।
ওসাকার নাগাই স্টেডিয়ামে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ঋতুপর্ণা চাকমা-তহুরা খাতুনরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) জাপানের নাগাই স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মিয়ানমার। তবে বাংলাদেশের রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায় বারবার সুযোগ নষ্ট হয় তাদের। বাংলাদেশও কয়েকটি আক্রমণ করলেও তা থেকে গোল আদায় করতে পারেনি।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৫২ ধাপ এগিয়ে মিয়ানমার। শক্তির বিচারেও এগিয়ে তারা। তবু গ্রুপের এই ম্যাচটি নিয়েই একটু বেশি আশাবাদী ছিল বাংলাদেশ। ম্যাচের আগে কোচ পিটার বাটলার ও অধিনায়ক মারিয়া মান্দার কণ্ঠে ছিল সেই ছাপ। তবে শেষ পর্যন্ত সন্তুষ্ট থাকতে হলো ড্রতেই।
এর আগে বাংলাদেশ যে দুবার মিয়ানমারের বিপক্ষে খেলেছিল, জয়-হার ছিল সমানে সমান। আজকের ম্যাচের ফলও হলো তা-ই।
এ নিয়ে দ্বিতীয়বার এশিয়ান গেমসে খেলল বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২৩ আসরেও ফল ছিল তিন ম্যাচে দুই হার ও এক ড্র। সে বার মোট গোল হজম ছিল ১৫টি, এবারের চেয়ে একটি কম।
পূর্বকোণ/মিফতা

















