চট্টগ্রাম শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চার বছর নিষিদ্ধ থেকে আবারো আন্তর্জাতিক ফুটবলে ফিরছে রাশিয়া

চার বছর নিষিদ্ধ থেকে আবারো আন্তর্জাতিক ফুটবলে ফিরছে রাশিয়া

স্পোর্টস ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:০৮ অপরাহ্ণ

ইউক্রেন সংঘাতের জেরে দীর্ঘ চার বছর আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিষেধাজ্ঞার মধ্যে থাকা রাশিয়ার ফুটবলে আংশিক প্রত্যাবর্তনের পথ খুলেছে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা আসন্ন অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য রাশিয়ার কিশোর ফুটবল দলকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে।
 
২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার জাতীয় দল এবং ক্লাবগুলোকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল ফিফা ও উয়েফা। ফলে গত চার বছর ধরে বড় কোনো বৈশ্বিক আসরে দেখা যায়নি দেশটিকে।
 
 
জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বাধীন ফিফা নিশ্চিত করেছে যে, আসন্ন অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের নতুন সংস্করণে তাদের অধিভুক্ত সবকটি ফুটবল ফেডারেশনকেই আমন্ত্রণ জানানো হয়েছে। এই টুর্নামেন্টটি আগামী ২২ থেকে ৩১ অক্টোবর আজারবাইজানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 
আমন্ত্রিত দেশের তালিকায় রাশিয়ার নাম থাকায়, ২০২২ সালের নিষেধাজ্ঞার পর এই প্রথম ফিফার কোনো অফিশিয়াল আসরে মাঠে নামার সুযোগ পাচ্ছে রুশ ফুটবলাররা।
অবশ্য রাশিয়ার ফুটবলে ফেরার এই ইঙ্গিত গত কয়েক মাস ধরেই মিলছিল।
 
গত ফেব্রুয়ারিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রকাশ্যেই রাশিয়ার ফেরার পক্ষে মত দিয়েছিলেন, বিশেষ করে যুব ফুটবলের স্তরে।
 
রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে যুক্তি দিয়ে ফিফা সভাপতি বলেছিলেন, ‘আমাদের এটি করতেই হবে, অন্তত খেলোয়াড় তৈরির (প্রশিক্ষণ) স্তরে। এই নিষেধাজ্ঞা আসলে কিছুই অর্জন করতে পারেনি।’
 
তিনি আরও উল্লেখ করেন যে, এই ধরনের শাস্তি কেবল ‘হতাশা এবং ঘৃণা’ ছাড়া আর কিছুই তৈরি করে না।
 
দীর্ঘদিন ধরে প্রধান আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে অনুপস্থিত থাকলেও, ফিফার অফিশিয়াল ক্যালেন্ডারের বাইরে বেশ কিছু প্রীতি ম্যাচ খেলেছে রাশিয়ার পুরুষ ফুটবল দল। বর্তমানে ফিফা বিশ্ব র‍্যাংকিংয়ে রাশিয়ার পুরুষ দল ৩৪তম অবস্থানে রয়েছে। অন্যদিকে, রাশিয়ার নারী ফুটবল দলটি বিশ্ব র‍্যাংকিংয়ের ২৭ নম্বর স্থানটি দখল করে রেখেছে।
 
 
পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট