চট্টগ্রাম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

রিয়ালে না গিয়ে বার্সাকে বেছে নেওয়ার কারণ বললেন রদ্রি

রিয়ালে না গিয়ে বার্সাকে বেছে নেওয়ার কারণ বললেন রদ্রি

অনলাইন ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৫১ অপরাহ্ণ

স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি অবশেষে জানিয়েছেন, কেন রিয়াল মাদ্রিদের প্রস্তাব ফিরিয়ে ক্লাবটির চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় যোগ দিয়েছেন। সেই সাথে জোসে মরিনিয়োর সঙ্গে হওয়া এক বিশেষ আলাপচারিতা নিয়েও মুখ খুলেছেন রদ্রি।

২০২৪ সালের ব্যালন ডি’অর বিজয়ী রদ্রির ম্যানচেস্টার সিটি ছেড়ে দেওয়ায় অবাক হয়েছিলেন অনেকেই। বিশেষ করে ইউরোপের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদের প্রস্তাব পাওয়ার পরও প্রায় ৬ কোটি ৫০ লাখ পাউন্ডের বিনিময়ে বার্সেলোনায় যোগ দেন।

কাতালান ক্লাব বার্সার যোগ দেওয়ার পর ইতোমধ্যে ৫টি ম্যাচ খেলেছেন রদ্রি। হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনাও পেয়েছে স্বপ্নের মতো এক সূচনা, চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগার এখন পর্যন্ত খেলা সবকটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা।

রিয়াল মাদ্রিদের প্রস্তাব এড়িয়ে কেন বার্সেলোনাকেই বেছে নিলেন রদ্রি? শুরু থেকেই বিষয়টি অনেকের কাছে স্পষ্ট ছিল না। তবে সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’কে দেওয়া এক খোলাখুলি সাক্ষাৎকারে নিজের সিদ্ধান্তের রহস্য প্রকাশ করেছেন।

সাক্ষাৎকারে রদ্রি জানান, তার এই সিদ্ধান্ত ছিল পুরোপুরি ‘ফুটবলীয় ভবিষ্যৎ ও খেলার কারণ’এবং কোন ক্লাবে গেলে সবচেয়ে বেশি ট্রফি জেতা সম্ভব সেই হিসাব-নিকাশ থেকেই সিদ্ধান্তটি নিয়েছেন।

রদ্রি বলেন, ‘প্রথমেই বলি, আমি চেয়েছিলাম ছুটিটা যেন অন্তত দুই-তিন সপ্তাহ নিরিবিলিতে কাটুক। কিন্তু তা আর হলো কই! বিশ্বের সেরা দুটি ক্লাবকে ঘিরে সিদ্ধান্ত নিতে হচ্ছিল, ফলে ভাবনার অনেক কিছুই ছিল। শেষ পর্যন্ত একজন ফুটবলার হিসেবে কোনটা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করবে এবং কোথায় গেলে শিরোপা জেতার পাশাপাশি নিজের ফুটবলীয় বিকাশ ঘটাতে পারব, সেসব ভেবেই সিদ্ধান্তটি নিয়েছি।’

রদ্রি যোগ করেন, ‘কাজটা মোটেও সহজ ছিল না। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবকে “না” বলা সত্যি কঠিন, বিশেষ করে তারা আমার সঙ্গে যেভাবে যোগাযোগ করেছে এবং সম্মান দেখিয়েছে। তবে দিনশেষে ডেকো (বার্সার স্পোর্টিং ডিরেক্টর) এবং হ্যান্সি ফ্লিকের নেতৃত্ব ও দিকনির্দেশনাই আমাকে বার্সায় আসতে রাজি করায়।’

রদ্রি আরও বলেন, ‘আমি সবসময় সিদ্ধান্ত নিই খেলার সুযোগ ও অর্জনের সম্ভাবনা বিবেচনা করে, যেখানে ট্রফি জিততে পারব, শান্তিতে থাকতে পারব এবং সর্বোপরি একজন খেলোয়াড় হিসেবে আরও উঁচুতে উঠতে পারব। বার্সাকে বেছে নেওয়ার মূল কারণ সেটাই। পাশাপাশি তাদের বর্তমান স্কোয়াডে অসাধারণ কিছু খেলোয়াড় রয়েছে এবং হ্যান্সি যেভাবে দলটি গড়ে তুলছেন, সেটাও আমাকে খুব আকৃষ্ট করেছে।’

পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

শেয়ার করুন