চট্টগ্রাম শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

বিদেশিদের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই দেশি কোচরা: তালহা জুবায়ের

বিদেশিদের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই দেশি কোচরা: তালহা জুবায়ের

স্পোর্টস ডেস্ক

৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:১৬ অপরাহ্ণ

সাবেক ক্রিকেটার ও কোচ তালহা জুবায়ের জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে সাফল্য পেয়ে দেশি কোচিং স্টাফদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, দেশি কোচরা একদম তৃণমূল পর্যায় থেকে কাজ করে খেলোয়াড়দের মনস্তত্ত্ব ভালোভাবে বুঝতে পারেন।

 

বিদেশি বোলারদের নাম ও খ্যাতি নিয়ে তিনি বলেন , ‘ডোনাল্ড বা শন টেইটের কথা যদি বলি, তারা অনেক ভালো প্লেয়ার ছিলেন, ভালো বোলার ছিলেন, অনেক বড় নাম। তবে এই ব্যাপারটা জরুরি কিছু নয় যে একজন ভালো কোচ হতে হলে ভালো প্লেয়ার হতে হবে।

 

অনেক সফল প্লেয়ার আছেন যারা কোচিংয়েই আসেননি। ব্রায়ান লারা কোচিংয়ে আসেননি, টেন্ডুলকার কোচিংয়ে আসেননি।

 

ভারতের এমন অনেক ব্যাটিং কোচ আছে যাদের নামও হয়তবা আপনারা জানেন না। অনেক ফিল্ডিং কোচ আছেন যাদের নামই আমরা জানি না।

তারা কিন্তু বিশ্ব ক্রিকেটে অনেক দাপটের সাথে কাজ করেছেন।’

 

খেলোয়াড়দের সাথে মানসিক যোগাযোগ ও বয়সভিত্তিক পর্যায় থেকে কাজের অভিজ্ঞতা তুলে ধরে তালহা আরও বলেন, ‘আমরা একদম গ্রাউন্ড লেভেল থেকে কাজ করছি। ডেভেলপমেন্ট পর্যায় থেকে কাজ করছি। আমরা জানি যে একটা প্লেয়ারকে গড়ে তোলার জন্য আসলে কী করতে হয়। কী করা দরকার। কারও খারাপ সময় গেলে কী কাজ করা দরকার। বাংলাদেশ দলে যারা পেসার আছে, বেশিরভাগই আমাদের হাত ধরে এসেছে। ব্যাটিংয়ে যারা আছে, তাদের বেশিরভাগই আমাদের দেশি কোচদের হাত ধরে এসেছে। আমরা জানি তাদের খারাপ সময়ে কোন জায়গাতে কাজ করলে তাদের কামব্যাক করাটা সহজ হবে। কোন বিষয়টা একটু শুধরে দিলে ঠিক হয়ে যাবে।’

 

ভাষা এবং আবেগের জায়গার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেখেন আমি আমার দেশের জন্য যেভাবে ফিল করব, বাইরের কারও সেরকম ফিলিং থাকবে না। তবুও বাইরের অনেক অভিজ্ঞ কোচ আছেন, তাদের অভিজ্ঞতা আছে জ্ঞান আরও বেশি আছে। তার মানে এই না যে আমরাও অনেক পিছিয়ে আছি। আমরা কোচিং করাচ্ছি অনেক দিন ধরে। দেশি কোচদের ক্ষেত্রে, ভাষা ছাড়াও যে ব্যাপার থাকে, আমরা প্লেয়ারদের সাইকোলজি বুঝি, যেভাবে তাদেরকে ইমোশনালি কানেক্ট করতে পারি প্লেয়ারদের এটা ভাষার চেয়েও বড় ব্যাপার। কাকে কীভাবে ম্যানেজ করতে হবে এইটা অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে যায়। আমার মনে হয় দেশি আমরা শুধু কোচ না, ফিজিও ট্রেনার যারাই আছে আমরা সুযোগ পেলে আরও ভালো হবে এটা দেশের জন্য।’

 

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন